বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত পারফরমেন্সের পুরস্কার, আইসিসি–র টি২০ র্যাঙ্কিংয়ে ৮ ধাপ উঠে এলেন অর্শদীপ
আইসিসি–র টি২০ র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক লাফে ৮ ধাপ উঠে এসেছেন অর্শদীপ সিং। স্থান করে নিয়েছেন প্রথম দশে। টি২০ র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে তিনিই একমাত্র ভারতীয়।
আইসিসি–র র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে অর্শদীপ সিং।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ০৯, ২০২৪
Share on:
গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচেই দুরন্ত বোলিং করেছিলেন অর্শদীপ সিং। ১৩ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছিলেন। এই দুরন্ত পারফরমেন্সের সুবাদে আইসিসি–র টি২০ র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক লাফে ৮ ধাপ উঠে এসেছেন ভারতের এই জোরে বোলার। স্থান করে নিয়েছেন প্রথম দশে। টি২০ র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে তিনিই একমাত্র ভারতীয়।
আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭২১। দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন (৬৯৫)। তৃতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান (৬৬৮)। দক্ষিণ আফ্রিকার আনরিখ নরখিয়ার সঙ্গে যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছেন অর্শদীপ সিং। দুজনেরই পয়েন্ট ৬৪২। অন্যদিকে, ১২ নম্বরে নেমে গিয়েছেন রবি বিষ্ণোই। ১৫ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। কুলদীপ যাদব রয়েছেন ২০ নম্বরে।
অন্যদিকে, ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাঁর সংগ্রহে ৮৮১ পয়েন্ট। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ৮০৭ পয়েন্ট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। যশস্বী জয়সওয়াল এক ধাপ নেমে রয়েছেন ৫ নম্বরে। নবম স্থানে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া প্রথম ২০–তে আর কোনও ভারতীয় নেই। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (২৫৬ পয়েন্ট)। হার্দিক পাণ্ডিয়া চার ধাপ উঠে তৃতীয় স্থানে পৌঁছেছেন। তাঁর পয়েন্ট ২১৬। ১১ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। বিশ্বচ্যাম্পিয়ন ভারত আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে দলগতভাবে শীর্ষস্থান ধরে রেখেছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.