মহানুভবতার পরিচয় দিলেন দ্রাবিড়, অন্য সাপোর্ট স্টাফদের থেকে বেশি বোনাস নিলেন না
বিশ্বকাপ জয়ের জন্য অন্য সাপোর্ট স্টাফদের থেকে বেশি বোনাস নিতে অস্বীকার করেছেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন হেড স্যার। ভারতীয় ক্রিকেট বোর্ডকে পরিস্কার জানিয়ে দিয়েছেন, অন্য সাপোর্ট স্টাফদের সমতুল্য বোনাসই তিনি নেবেন।
রাহুল দ্রাবিড়
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১০, ২০২৪
Share on:
বরাবরই তিনি অন্য মানসিকতার। প্রচারের আলো থেকে সবসময় দূরে থাকতে ভালবাসেন। নিঃশব্দে নিজের কাজ করে যান। অতীতে বহুবার মহানুভবতার পরিচয় দিয়েছেন রাহুল দ্রাবিড়। আরও একবার তাঁর বড় মনের পরিচয় পাওয়া গেল। বিশ্বকাপ জয়ের জন্য অন্য সাপোর্ট স্টাফদের থেথে বেশি বোনাস নিতে অস্বীকার করেছেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন হেড স্যার। ভারতীয় ক্রিকেট বোর্ডকে পরিস্কার জানিয়ে দিয়েছেন, অন্য সাপোর্ট স্টাফদের সমতুল্য বোনাসই তিনি নেবেন। বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ১৫ জন ক্রিকেটার ও হেড কোচ রাহুল দ্রাবিড়কে ৫ কোটি টাকা করে বোনাস দিয়েছে। দলের অন্য সাপোর্ট স্টাফদের জন্য বোর্ড বরাদ্দ করেছে আড়াই কোটি করে। অন্য সাপোর্ট স্টাফদের থেকে বেশি বোনাস নেবেন না। বোর্ডকে জানিয়ে দিয়েছেন দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সূত্র জানিয়েছে, ‘রাহুল দ্রাবিড় দলের অন্য সাপোর্ট স্টাফ বোলিং কোচ পারস মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও ফিল্ডিং কোচ টি দিলীপের মতো সমপরিমান বোনাস অর্থ চেয়েছিলেন। আমরা দ্রাবিড়ের অনুভূতিকে সম্মান করি।’ শুধু এই প্রথম নয়, আগেও এইরকম মানসিকতার পরিচয় দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০১৮ সালে তাঁর কোচিংয়েই অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দলকে বিশ্বকাপ জেতানোর জন্য হেড কোচ দ্রাবিড়কে ৫০ লাখ টাকা বোনাস দিয়েছিল বোর্ড। ক্রিকেটারদের ৩০ লাখ করে দেওয়া হয়েছিল। দলের অন্য সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছিল ২০ লাখ টাকা করে। দ্রাবিড় ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন, সবাইকে সমান বোনাস দেওয়ার জন্য। দ্রাবিড়ের অনুরোধো বোর্ড সবাইকে ২৫ লাখ টাকা করে বোনাস দেয়। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল। ৪ জুলাই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিজয়োৎসবের দিন অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড়ের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এরপরই বোর্ডকে অনুরোধ জানান দ্রাবিড়।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.