বিধ্বস্ত ইংল্যান্ড, অ্যাডিলেডের মধুর প্রতিশোধ নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত
২ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানায় মধুর প্রতিশোধ। ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। শনিবার ফাইনালে সামনে দক্ষিণ আফ্রিকা। ১৩ বছর পর আইসিসি ট্রফিতে খরা কাটানোর সুযোগ ভারতের সামনে।
দুরন্ত কুলদীপ। বিশ্বকাপ ফাইনালে ভারত।
আরিয়ান চৌধুরি
শেষ আপডেট: জুন ২৮, ২০২৪
Share on:
২০২২ টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ২ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানায় মধুর প্রতিশোধ। ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। শনিবার ফাইনালে সামনে দক্ষিণ আফ্রিকা। ১৩ বছর পর আইসিসি ট্রফিতে খরা কাটানোর সুযোগ ভারতের সামনে। ব্যাট হাতে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন রোহিত শর্মা। বল হাতে ইংল্যান্ডকে ভাঙেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।
গায়ানায় ভারত–ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির পূর্বাভাস ছিল। প্রত্যাশামতোই বৃষ্টি। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর খেলা শুরু হয়। টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরুতেই বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত।তৃতীয় ওভারে রিস টপলিকে ছক্কা হাঁকানোর পর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে আবার বড় শট খেলতে গিয়ে বোল্ড হন কোহলি (৯ বলে ৯)। যষ্ঠ ওভারে ঋষভ পন্থকে (৪ বলে ৬) তুলে নেন সাম কারেন। ৮ ওভার খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।
আবার খেলা শুরু হলেও ওভার সংখ্যা কমেনি। চেনা মেজাজে দেখা যায় রোহিত শর্মাকে। ৩৬ বলে চলতি বিশ্বকাপে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৭ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন রোহিত। সূর্যকুমার যাদবের সঙ্গে জুটিতে ৫০ বলে ৭৩ রান তোলেন। রোহিত আউট হওয়ার ১ ওভার পরেই ফিরে যান সূর্যকুমার (৩৬ বলে ৪৭)। শুরুতে সতর্ক থাকলেও ক্রিস জর্ডানকে পরপর দুটি ছক্কা হাঁকান হার্দিক (১৩ বলে ২৩)। আবার ছক্কা মারতে গিয়ে লং অনে কারেনের হাতে ধরা পড়েন। ৬ বলে ১০ রান করে আউট হন অক্ষর। ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন জাদেজা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তোলে ভারত। ২০২২ বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ১ রান বেশি। ৩৭ রানে ৩ উইকেট নেন ক্রিস জর্ডান।
ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন জস বাটলার। কিন্তু তাঁর ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। চতুর্থ ওভারে স্পিন আক্রমণ নিয়ে এসেছিলেন রোহিত। অক্ষর প্যাটেল নিজের প্রথম ওভারেই তুলে নেন বাটলারকে (১৫ বলে ২৩)। বাটলার ফিরতেই ধস নামে ইংল্যান্ড ইনিংসে। পরপর ফিরে যান ফিল সল্ট (৫), মইন আলি (৮), জনি বেয়ারস্টো (০) ও সাম কারেন (২)। ৮.১ ওভারেই ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক (১৯ বলে ২৯) ও ক্রিস জর্ডানকে (১) ফেরান কুলদীপ যাদব। ১৬.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ২৩ রানে ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল। তিনিই ম্যাচের সেরা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.