পুজা, রাধার হাত ধরে মান বাঁচাল ভারত, প্রোটিয়াদের সঙ্গে টি২০ সিরিজ ড্র
শেষ ম্যাচে প্রোটিয়াদের ১০ উইকেটে হারিয়ে টি২০ সিরিজে সমতা ফেরাল ভারত। দুরন্ত বোলিং করে ভারতের জয়ের রাস্তা মসৃণ করে দেন পুজা বস্ত্রকার ও রাধা যাদব।
রাধা যাদব ও পুজা বস্ত্রকার
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১০, ২০২৪
Share on:
একদিনের সিরিজে পরাজয়ের পর একমাত্র টেস্টেও হার। দক্ষিণ আফ্রিকা মহিলা দলের সামনে সুযোগ ছিল টি২০ সিরিজ জিতে মান বাঁচিয়ে দেশে ফেরার। কিন্তু পুজা বস্ত্রকার ও রাধা যাদবের দুরন্ত বোলিংয়ের সামনে সে সম্ভাবনাও ধূলিসাৎ হয়ে গেল প্রোটিয়াদের। তবে টি২০ সিরিজ ড্র করেই দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে প্রোটিয়াদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। দুরন্ত বোলিং করে ভারতের জয়ের রাস্তা মসৃণ করে দেন পুজা বস্ত্রকার ও রাধা যাদব।
টি২০ সিরিজের প্রথম ম্যাচ জিতে ১–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। শেষ ম্যাচ ছিল ভারতের কাছে সিরিজ বাঁচানোর লড়াই। আর এই ম্যাচেই জ্বলে উঠলেন হরমনপ্রীতরা। টস জিতে চেন্নাইয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় মহিলা দল। পুজা বস্ত্রকার এবং রাধা যাদবের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটাররা।
চতুর্থ ওভারে পতন শুরু দক্ষিণ আফ্রিকার। উলভার্ডকে (৯) তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন শ্রেয়াঙ্কা পাটিল। এরপরই চমক শুরু পুজা বস্ত্রকারের। প্রথমে ফেরান মারিজানে কাপকে (১০)। পুজার পরের শিকার আনেকে বস (১৭)। তার আগে তাজমিন ব্রিটসকে (২০) তুলে নেন দীপ্তি শর্মা। প্রোটিয়া ইনিংসের শেষ দিকে ধস নামান পুজা বস্ত্রকার ও রাধা যাদব। ১৭.১ ওভারে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৩ রানে ৪ উইকেট তুলে নেন পুজা বস্ত্রকার। অন্যদিকে ৬ রানে ৩ উইকেট নেন রাধা যাদব।
জয়ের জন্য ৮৫ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না ভারতের সামনে। দুই ওপেনার শেফালী ভার্মা ও স্মৃতি মান্ধানা ফর্মে থাকায় কাজ আরও সহজ হয়ে যায় ভারতের কাছে। ১০.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। একই সঙ্গে সিরিজে সমতা ফেরে। ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন শেফালী ভার্মা। অন্যদিকে ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন স্মৃতি মান্ধানা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.