ট্রেন্ডিং

IPL 2025

দুরন্ত ব্যাটিং লোকেশ রাহুলের, বেঙ্গালুরুকে হারিয়ে টানা ৪ ম্যাচে জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস

বেঙ্গালুরুকে হেলায় ৬ উইকেটে উড়িয়ে চলতি আইপিএলে টানা ৪ ম্যাচে জয় তুলে নিল দিল্লি। দিল্লির জয়ের নায়ক লোকেশ রাহুল। ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে চতুর্থ জয় এনে দিলেন।

বেঙ্গালুরুর বিরুদ্ধে মারমুখী মেজাজে লোকেশ রাহুল।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৫
Share on:

চলতি আইপিএলে দাপট অব্যাহত দিল্লি ক্যাপিটালসের। টানা ৩ ম্যাচ জিতে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল। ছন্দে থাকা বেঙ্গালুরুও দিল্লিকে আটকাতে পারল না। বেঙ্গালুরুকে হেলায় ৬ উইকেটে উড়িয়ে চলতি আইপিএলে টানা ৪ ম্যাচে জয় তুলে নিল দিল্লি। দিল্লির জয়ের নায়ক লোকেশ রাহুল।  ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে চতুর্থ জয় এনে দিলেন। 

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল। শুরুতেই ফিল সল্ট যেভাবে ঝড় তুলেছিলেন, মনে হচ্ছিল অনায়াসে ২০০ রানের গণ্ডি পার করে ফেলবে বেঙ্গালুরু। ম্যাচের তৃতীয় ও মিচেল স্টার্কের দ্বিতীয় ওভারে ওঠে ৩০। ৩ ওভারেই হাফ সেঞ্চুরি বেঙ্গালুরুর। এই আইপিএলে দ্রুততম ফিফটি। বেঙ্গালুরু বড় ধাক্কা খায় ফিল সল্ট আউট হওয়ায়। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান সল্ট। ১৭ বলে তিনি করেন ৩৭। 

সল্ট আউট হওয়ার পর ম্যাচের রাশ হাতে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির স্পিনারদের সামলাতে হিমসিম খেতে হয় বেঙ্গালুরু ব্যাটারদের। দেবদত্ত পাড়িক্কলকে শুরুতেই চাপে ফেলে দিয়েছিলেন গেল স্পিনার বিপরাজ নিগম। চাপ কাটানোর জন্য মুকেশ কুমারকে আক্রমণ করতে গিয়ে উইটেক তুলে দেন পাড়িক্কল (‌৮ বলে ১)‌। ৩ ওভারে বেঙ্গালুরু রান ছিল ৫৩। পরের ৩ ওভারে ওঠে মাত্র ১০। পাওয়ার প্লে–র ৬ ওভারে বেঙ্গালুরু তোলে ৬৩/‌২। 


পাওয়ার প্লে–র পরের ওভারেই বিপরাজের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে গিয়ে বিপদ ডেকে নিয়ে আসেন বিরাট কোহলি। তাঁকে ড্রাইভ করতে গিয়ে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১৪ বলে ২২ রান করে আউট হন কোহলি। কোহলি আউট হওয়ার পর মিডল অর্ডারে ধস নামে বেঙ্গালুরুর। লিয়াম লিভিংস্টোনকে (‌৬ বলে ৪)‌ ফিরিয়ে বেঙ্গালুরুকে বড় ধাক্কা দেন মোহিত। এরপর জিতেশ শর্মা (‌১১ বলে ৩)‌ ও রজত পতিদারকে (‌২৩ বলে ২৫) ১ ওভারের ব্যবধানে তুলে নেন কুলদীপ যাদব‌। ক্রুণাল পাণ্ডিয়াকে (‌১৮ বলে ১৮)‌ ফেরান বিপরাজ নিগম (‌২/‌১৮)‌। টিম ডেভিডের (‌২০ বলে অপরাজিত ৩৭) সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৬৩/‌৭ রানে পৌঁছয় বেঙ্গালুরু।

জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর থেকেও বিপর্যয়ে পড়ে দিল্লি। দ্বিতীয় ওভারেই ফাফ ডুপ্লেসিকে (‌৭ বলে ২)‌ তুলে নেন যশ দয়াল। এরপর ভুবনেশ্বর কুমারের জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে দিল্লি। জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ক (‌৬ পলে ৭)‌ ও অভিষেক পোড়েলকে (‌৭ বলে ৭)‌ ফেরান ভুবনেশ্বর। অক্ষর প্যাটেলকে (‌১১ বলে ১৫)‌ ফেরান সূয়শ শর্মা। ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি।

আগের ম্যাচেও চাপের মুখে দারুণভাবে জ্বলে উঠেছিলেন লোকেশ রাহুল। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। ট্রিস্টান স্টাবসের সঙ্গে জুটি বেঁধে তিনি দলকে এগিয়ে নিয়ে যান। ১৭.‌৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৩ বলে অপরাজিত ৩৮ রান করেন ট্রিস্টান স্টাবস। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ২৬ রানে ২ উইকেট নেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora