দুরন্ত ব্যাটিং করে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন লিটন দাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৫
Share on:
টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ৭ উইকেটে হার। সিরিজ বাঁচিয়ে রাখতে গেলে দ্বিতীয় ম্যাচে জিততেই হত বাংলাদেশকে। মরণবাঁচন ম্যাচে জ্বলে উঠল বেঙ্গল টাইগাররা। শ্রীলঙ্কাকে ৮৩ রানে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০টি টি২০ ম্যাচ খেলে এটা সপ্তম জয় বাংলাদেশের।
ডাম্বুলাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম ওভারেই ধাক্কা। ওভারের শেষ বলে পারভেজ হোসেনকে (৩ বলে ০) তুলে নেন নুয়ান তুষারা। পরের ওভারে অন্য ওপেনার তানজিদ হাসানকে (৮ বলে ৫) ফেরান বিনুরা ফার্নান্ডো। ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর ঝড় তোলেন লিটন দাস। তাঁকে কিছুটা সঙ্গ দেন তৌহিদ হৃদয়। দুজনের জুটিতে ওঠে ৬৯।
একাদশ ওভারে আউট হন তৌহিদ হৃদয় (২৫ বলে ৩১)। একই ওভারে মেহেদি হাসান মিরাজকেও (১) তুলে নেন বিনুরা ফার্নান্ডো। দলীয় ১৫৫ রানের মাথায় আউট হন লিটন। ৫০ বলে তিনি করেন ৭৬। এরপর ঝড় তোলেন শামিম হোসেন। ২৭ বলে তিনি করেন ৪৮। নির্ধারিত ২০ ওভারে ১৭৭/৭ তোলে বাংলাদেশ। ৩১ রানে ৩ উইকেট নেন বিনুরা ফার্নান্ডো।
জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারায়। আউট হন কুশল মেন্ডিস (৫ বলে ৮), কুশল পেরেরা (৪ বলে ০), আভিষ্কা ফার্নান্ডো (৫ বলে ২) ও চরিথ আসালঙ্কা (৫ বলে ৫)। এরপর পাথুম নিসাঙ্কা ও দাসুন শনকা জুটি শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যান। একাদশ ওভারে নিসাঙ্কাকে (২৯ বলে ৩২) তুলে নিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। একই ওভারে ফেরান চামিকা করুণারত্নেকে (০)। পরের ওভারে দাসুন শনকাকে (১৬ বলে ২০) তুলে নেন মেহেদি হাসান। ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩টি, শরিফুল ইসলাম ও মহম্মদ সইফুদ্দিন ২টি করে উইকেট নেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.