ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন শিখর ধাওয়ান। আজ সকালে তিনি সামাজিক মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। অবসরের ফলে সমাপ্ত হল ভারতীয় দলের প্রাক্তন এই ওপেনারের ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটজীবন।
ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন শিখর ধাওয়ান
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৪
Share on:
ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন শিখর ধাওয়ান। আজ সকালে তিনি সামাজিক মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। অবসরের ফলে সমাপ্ত হল ভারতীয় দলের প্রাক্তন এই ওপেনারের ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটজীবন।
শনিবার সামাজিক মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে এক বার্তায় শিখর ধাওয়ান লিখেছেন, ‘আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। ছোটবেলায় দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার কাছে এটাই তৃপ্তি। এখন নিজেতে বোঝাচ্ছি, ভারতের হয়ে আর খেলতে না পারার জন্য দুঃখ করার কিছু নেই। এই ভেবেই ভাল লাগছে, দেশের হয়ে খেলেছি। ভারতীয় দলের পরিবারের অংশ হতে পেরেছিলাম। যা আমাকে খ্যাতি দিয়েছে। দেশের হয়ে খেলার অনেক ভাল স্মৃতি রয়েছে।’ ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য কোচ তারক সিনহা, মদন শর্মা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ধাওয়ান।
২০১০ সালে বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শিখর ধাওয়ানের। অভিষেক ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন। টেস্ট অভিষেক হয় ২০১৩ সালে মোহালিতে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রান করার আক্ষেপ মিটিয়েছিলেন টেস্ট অভিষেকে। ১৭৪ বলে ১৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। মাত্র ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। টেস্ট অভিষেকে দ্রুততম শতরান হাঁকিয়ে রেকর্ড বুকে নাম তুলে নেন গব্বর। ওই বছর দুরন্ত ফর্মে ছিলেন শিখর ধাওয়ান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওই বছর ১১৬২ রান করেন। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পেছনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ২টি সেঞ্চুরিসহ ৫ ইনিংসে করেছিলেন ৩৬৩ রান।
শিখর ধাওয়ান দেশের হয়ে শেষ টেস্ট খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৮ সালে। আর শেষ একদিনের ম্যাচ খেলেন ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর আর জাতীয় দলে সুযোগ পাননি এই বাঁহাতি ওপেনার। ৩৪টি টেস্টে ৭টি সেঞ্চুরি শতরান ও ৫টি হাফ–সেঞ্চুরিসহ ২৩১৫ রান করেছেন শিখর ধাওয়ান। ১৬৭টি একদিনের ম্যাচে রান করেছেন ৬৭৯৩। সেঞ্চুরি করেছেন ১৭টি, হাফ–সেঞ্চুরির সংখ্যা ৩৯টি। দেশের হয়ে ৬৮টি টি২০ ম্যাচে ১১টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ১৭৫৯ রান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যে ৮ জন ক্রিকেটারের ৫ হাজারের ওপর রান, ৪০–এর ওপরের গড় ও ৯০–এর বেশি স্ট্রাইক রেট রয়েছে, শিখর ধাওয়ান তাঁদের মধ্যে একজন। তিনি ছাড়া এই তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.