আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত হল ভারতীয় টি২০ দল। প্রত্যাশামতোই অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আয়ারকে। সহ–অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তিলক ভার্মার হাতে। তবে দলে সবথেকে বড় চমক বৈভব সূর্যবংশীর সুযোগ পাওয়া। সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়ে শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে বৈভব। আর শচীন সুযোগ পেয়েছিলেন ১৬ বছর বয়সে। এখন দেখার সর্বকনিষ্ঠ অভিষেককারী হিসেবে শচীনের রেকর্ড ভাঙতে পারে কিনা বৈভব।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে নির্বাচক কমিটির বৈঠকের পর বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া শ্রেয়স আয়ারের নাম সরকারিভাবে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। এর ফলে ভারতীয় টি২০ দলে সূর্যকুমার যাদবের সফল যাত্রার অবসান ঘটল। তাঁর নেতৃত্বেই এবছর টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। শ্রেয়সের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার মাধ্যমে ২০২৮ সালের বিশ্বকাপ ও অলিম্পিক গেমসকে সামনে রেখে ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হল।
জুন মাসের শেষে আয়ারল্যান্ড এবং তারপর ইংল্যান্ড সফর করবে ভারত। আয়ারল্যান্ডে দুটি এবং ইংল্যান্ডে পাঁচটি টি২০ ম্যাচ খেলবে। দুই সিরিজের জন্য ১৬ সদস্যের একটাই দল নির্বাচন করা হয়েছে। দলে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বৈভব সূর্যবংশী। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন। ভেঙে দিলেন শচীনের রেকর্ড। বৈভবের সঙ্গে আইপিএলে সাড়া জাগানো জোরে বোলার প্রিন্স যাদবকেও দলে নেওয়া হয়েছে। এছাড়া আর কোনও চমক নেই ভারতীয় দলে।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত টি২০ দল:
শ্রেয়াস আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ইশান কিষাণ, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, হর্ষিত রানা, রবি বিষ্ণোই।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পাশাপাশি জাপানে অনুষ্ঠিত আসন্ন এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল বেছে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাওয়া ১৪ জন ক্রিকেটার এশিয়ান গেমসের দলে রয়েছেন। বাদ পড়েছেন মহম্মদ সিরাজ ও প্রিন্স যাদব। সুযোগ পেয়েছেন যশপ্রীত বুমরা। ঘোষিত দল: শ্রেয়াস আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ইশান কিষাণ, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, রবি বিষ্ণোই।
শ্রীলঙ্কা সফরের জন্য ভারত ‘এ’ দলও বেছে নিয়েছেন নির্বাচকরা। দলে সুযোগ পেয়েছেন: ধ্রুব জুরেল (অধিনায়ক, উইকেটরক্ষক), সাই সুদর্শন, আয়ুষ পান্ডে, দেবদত্ত পাড়িক্কল, ঋতুরাজ গায়কওয়াড়, হর্ষ দুবে, সারাংশ জৈন, গুরনূর ব্রার, আকিব নবী, যশ ঠাকুর, অংশুল কাম্বোজ, এন জগদীসন, আমান মোখাদে, শাইক রশিদ, জিশান আনসারি।