বিধ্বংসী হেনিলে ছিন্নভিন্ন মার্কিনিরা, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু ভারতের
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেই ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ৬ উইকেটে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। প্রথমে ব্যাট করতে নেমে আমেরিকান ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ হয়। ৩৫.২ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ৪ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি। অভিজ্ঞান কুণ্ডুর দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
দুরন্ত হেনিল প্যাটেলের ১৬ রানে ৫ উইকেট।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৬
Share on:
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেই ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ৬ উইকেটে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। প্রথমে ব্যাট করতে নেমে আমেরিকান ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ হয়। ৩৫.২ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে ভারত ব্যাট করতে নেমে দ্রুত ৪ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি। অভিজ্ঞান কুণ্ডুর দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ভারতের জয়ের প্ল্যাটফর্ম অবশ্য গড়ে দিয়েছিলেন হেনিল প্যাটেল। জিম্বাবোয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে টস জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। মেঘলা আকাশের জন্যই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক আযূশ মাত্রে। পরিবেশের সুবিধা দারুণভাবে কাজে লাগান হেনিল। তাঁর সুইংয়ের সামনে বিপর্যন্ত হয়ে পড়ে মার্কিন ব্যাটিং শক্তি। মিডল অর্ডারকে ছিন্নভিন্ন করে দেন ভারতীয় দলের এই জোরে বোলার। ৭ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন হেনিল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে হেনিল প্যাটেলের এই ৫ শিকার খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ৮ বছরের মধ্যে প্রথম মতো কোনও ভারতীয় বোলার ৫ উইকেট পেলেন।
নিজের প্রথম ওভারেই আঘাত হানেন হেনিল। তুলে নেন অমরিন্দর গিলকে (১)। অন্য প্রান্তেও চাপ বাড়ান দীপেশ দেবেন্দ্রন। তিনি ফেরান সাহিল গর্গকে (১৬)। প্রথম ৯ ওভারের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ২৯ রানে ২ উইকেটে হারায়। এরপর বিধ্বংসী হয়ে ওঠেন হেনিল। পরপর তুলে নেন অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব (০) ও উইকেটরক্ষক অর্জুন মহেশকে (১৬)।
এরপর লেগ স্পিনার খিলান প্যাটেল তাঁর প্রথম বলেই ফেরান অমোঘ আরেপ্যালিকে (৩)। ১৬ ওভারের মধ্যেই আমেরিকা ৩৯ রানে ৫ উইকেট হারায়। নীতিশ সুদিনি ৫২ বলে ৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আদনিত ঝাম্বের (১৮) সঙ্গে তাঁর ৩০ রানের জুটি আমেরিকাকে ৫০ রানের মাইলফলক অতিক্রম করতে সাহায্য করে। এরপর আক্রমণে ফিরে এসে হেনিল তুলে নেন সবরীশ প্রসাদ (৭) এবং ঋষভ শিম্পিকে (০)। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র।
ব্যাট করতে নেমে ভারত তৃতীয় ওভারেই বৈভব সূর্যবংশীর উইকেট হারায়। ৪ বলে মাত্র ২ রান করে আউট হয় বৈভব। ৪ ওভারে ভারত ২১/১ রান তোলার পর বৃষ্টি নামে। বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ থেকে। আবার খেলা শুরু হলে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭ ওভারে ৯৬। এরপর ভারত দ্রুত বেদান্ত ত্রিবেদী (১০ বলে ২) ও আযূশ মাত্রের (১৯ বলে ১৯) উইকেট হারায়। অভিজ্ঞান কুণ্ডু যখন ক্রিজে আসেন, তখন ভারতের রান ২৫/৩। এরপর বিহান মালহোত্রা (১৭ বলে ১৮) এবং কনিষ্ক চৌহানের (১৪ বলে অপরাজিত ১০) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ১৭.২ ওভারে দলকে জয়ের লক্ষ্যে (৯৯/৪) পৌঁছে দেন অভিজ্ঞান কুণ্ডু। তিনি ৪১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। ভারতের পরের ম্যাচ ১৭ জানুয়ারি বুলাওয়েতে বাংলাদেশের বিরুদ্ধে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.