রবিবার আইআইটি কানপুরের প্রাক্তন শিক্ষার্থীদের ছিল পুনর্মিলন উৎসব। অনুষ্ঠানে যখন ১০০ কোটি টাকার অনুদান ঘোষণা করে ইনস্টিটিউটের ভবিষ্যৎ উদযাপন করছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা, ঠিক সেই রাতেই ক্যাম্পাসে ঘটল মর্মান্তিক ঘটনা। হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বি টেক চূড়ান্ত বর্ষের এক ছাত্রের দেহ। ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি কানপুরে।
সোমবার সকালে ক্যাম্পাসের হোস্টেলে নিজের ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জয় সিং মীনা নামে বি টেক চূড়ান্ত বর্ষের এক ছাত্রের। জয় সিং মীনা জৈব বিজ্ঞান এবং জৈব প্রকৌশল বিভাগে চতুর্থ বর্ষের বি টেক স্কলার ছিলেন। তিনি রাজস্থানের আজমিরের বাসিন্দা। বাবার নাম গৌরী শঙ্কর মীনা। হোস্টেলের ই ব্লকের ১৪৮ নম্বর ঘরে থাকতেন জয় সিং।
পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সী জয় সিং মীনাকে তাঁর হোস্টেলের ঘরে বিছানার চাদরের দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। রবিবার যখন আইআইটি কানপুরের প্রাক্তন শিক্ষার্থীরা ১০০ কোটি টাকার অনুদান ঘোষণা করে ইনস্টিটিউটের ভবিষ্যৎ উদযাপন করছিলেন, ঠিক সেই রাতেই ক্যাম্পাসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনা আইআইটি কানপুরের মতো ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সুস্থতা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করে।
জয় সিংয়ের রুমমেট শীতকালীন ছুটিতে বাড়ি গেছেন। হোস্টেলের ঘরে একাই ছিলেন জয় সিং। সকালে দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন জয় সিং। সহকারী পুলিশ কমিশনার আশুতোষ কুমারের প্রাথমিক তদন্তে মনে হয়েছে মীনা আত্মহত্যার আগে ছুরি দিয়ে নিজের কব্জি কেটে ফেলার চেষ্টা করেছিলেন। ঘটনাস্থলে একটা ছুরি এবং রক্তের দাগ পাওয়া গেছে। তদন্তকারীদের মতে, আঘাতটি খুব বেশি গুরুতর ছিল না, যার ফলে তিনি চরম পদক্ষেপ নিয়েছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জয় সিংয়ের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে মীনার নোটবুকে ‘সবার কাছে দুঃখিত’ লেখাটি পাওয়া গেছে, যা তদন্তের অংশ হিসাবে পুলিশ হেফাজতে নিয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। আইআইটি কানপুর কর্তৃপক্ষের তরফ থেকে পরিবারকে জয় সিংয়ের মৃত্যুর কথা জানানো হয়েছে। ইনস্টিটিউটের কোনও ঊর্ধ্বতন কর্তা এই ঘটনাটি সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য না করলেও, মিডিয়া সেল ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি প্রেস বিবৃতি জারি করেছে। ক্যাম্পাসে বর্তমানে শীতকালীন ছুটি চলছে।
জয় সিং মীনার মৃত্যুর ঘটনা আইআইটি কানপুরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যর ওপর নজরদারি জোরদার করেছে। ২০২৫ সালে এটা ইনস্টিটিউটে তৃতীয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা। এর আগে ২ অক্টোবর ধীরজ সাইনি নামে এক শিক্ষার্থী ক্যাম্পাসে আত্মহত্যা করেন। পুলিশের রেকর্ড থেকে জানা যায় যে, গত ৫ বছরে আইআইটি কানপুরে এক ডজনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং গত ১৫ বছরে ১৮ জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।