ইরান যুদ্ধ প্রসঙ্গে হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে পুরো ইরানকে এক রাতের মধ্যেই ধ্বংস করার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্টের সেই হুমকির পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলির ওপর হামলা বৃদ্ধি করেছে ইরান। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের আইআরজিসি–র গোপন ভূগর্ভস্থ সদর দফতরে হামলা চালিয়েছে।
মার্কিন হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে ক্রমাগত হামলা চালিয়ে আসছে। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার ঘোষণা করেছেন যে, ইরান তাঁদের ঘাঁটিগুলির ওপর বড় ধরনের হামলা চালিয়েছে। মনে করা হচ্ছে, ইরানের এই হামলাগুলি পূর্ববর্তী হামলারই জবাব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের হামলার হুমকি দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই এই হামলাগুলো ঘটে।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় অন্তত ১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এদিকে, সৌদি আরব তার পূর্বাঞ্চলে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে, যেগুলোর ধ্বংসাবশেষ বিদ্যুৎকেন্দ্রের কাছে এসে পড়েছিল। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি আরব। এই ক্ষেপণাস্ত্রগুলির ধ্বংসাবশেষ বিদ্যুৎকেন্দ্রের কাছে এসে পড়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে, তবে কারা ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে তা নির্দিষ্ট করে জানায়নি।
দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় অন্তত ১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। ইরান এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালানোর হুমকি দিয়েছে। ইরান মঙ্গলবার শুধু এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলিতেই হামলা চালায়নি, ইজরায়েলের দিকেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের ওপর আরও একটা বড় আঘাত হেনেছে। মার্কিন বি–২ বোমারু বিমান তেহরানে অবস্থিত আইআরজিসি–র একটা ভূগর্ভস্থ সদর দফতরে হামলা চালিয়েছে। এই হামলার পর চিকিৎসক দল উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছলে আরেকটি বিমান হামলা চালানো হয়। প্রতিবেদন অনুযায়ী, এই হামলাগুলিতে বাঙ্কার–বাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল। এই দ্বৈত হামলায় বেশ কয়েকজন আইআরজিসি কমান্ডারের পাশাপাশি উদ্ধারকারী দলের সদস্যরাও নিহত হয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নির্দেশে বেশ কয়েকটি বি–২ বিমান হোয়াইট ম্যান বিমান ঘাঁটি থেকে ৩৬ ঘণ্টা ধরে উড়ে এসে বিশাল আকারের বাঙ্কার–বাস্টার বোমা ফেলে। এই বোমাগুলিই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এই হামলার লক্ষ্য ছিল আইআরজিসি-র ঊর্ধ্বতন কমান্ডারদের এক সমাবেশ। মার্কিন কর্মকর্তারা বলছেন, স্থাপনাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।