নাইজেরিয়ায় এক ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। ওন্দো রাজ্যে এই দুর্ঘটনাটি ঘটে। এটিআর–৪২ বিমানটি সোমবার দক্ষিণ নাইজেরিয়ায় ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে দেশের অর্থনৈতিক কেন্দ্র লাগোসে মিশনে যাওয়ার সময় ওন্দো রাজ্যের ইগবোকোডা এলাকায় বিধ্বস্ত হয়। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে সাম্প্রতিক বছরগুলোয় সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। এই বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন রাষ্ট্রপতি বোলা টিনুবু।
নাইজেরিয়ার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফেস্টাস কেয়ামো এক বিবৃতিতে বলেছেন, ‘বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটা নিয়মিত মিশনে যাওয়ার সময় ওন্দো রাজ্যের ইগবোকোডা এলাকায় এটিআর–৪২ সামরিক বিমান ভেঙে পড়ে। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।’ কেয়ামো আরও জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটি প্রথমে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং পরে জানা যায় যে, ইডো রাজ্য থেকে লাগোস যাওয়ার পথে মাঝপথে বিধ্বস্ত হয়েছে। এটিআর-৪২ বিমানটি দুই–ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমান, যা প্রস্তুতকারকদের মতে ৩০ থেকে ৫০ জন যাত্রী বহন করতে পারে।
নাইজেরিয়ান বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে, ওন্ডো রাজ্যে মর্মান্তিকভাবে বিধ্বস্ত হওয়া বিমানটি বেনিন থেকে লাগোসে একটা মিশনে ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনাটি ঘটার সময় বিমানটি একটা মিশনে বেনিন থেকে লাগোসে যাচ্ছিল। সেই সময় মাঝপথে ভেঙে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জরুরি ব্যবস্থাপনা সংস্থাগুলোর সমন্বয়ে বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে যে, নাইজেরিয়ান বিমান বাহিনী চলমান অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার সাফল্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে রাষ্ট্রপতি টিনুবু নিহতদের শ্রদ্ধা জানাতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাষ্ট্রপতি এই দুর্ঘটনায় নিহত ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এটি আমাদের সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটি বেদনাদায়ক মুহূর্ত।’ টিনুবুর মুখপাত্র বায়ো ওনানুগা পরবর্তী এক বিবৃতিতে বলেন, ‘রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহত বিমান বাহিনীর সদস্যদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহতদের প্রতি সম্মান জানাতে দেশজুড়ে পতাকা অর্ধনমিত রাখারও নির্দেশ দিয়েছেন।’
সাম্প্রতিককালে বেশ কয়েকটা বিমান দুর্ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়। ২০২১ সালের মে মাসে, নাইজেরিয়ার সর্বোচ্চ সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু এবং আরও ১০ জন কর্মকর্তা উত্তরাঞ্চলীয় কাডুনা রাজ্যের বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন। ২০২৫ সালের আগস্টে উত্তর নাইজেরিয়ায় একটি সামরিক বিমান একটি বাড়ির ওপর বিধ্বস্ত হলে বিমানে থাকা সবাই নিহত হন এবং সাতজন মারা যান। ওই মাসেরই শুরুতে লাগোসের একটা লেগুনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমেরিকান পাইলটসহ ছয়জন নিহত হন।