২০২৬ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই প্রথম পদক নিশ্চিত হয়ে যায় ভারতের। আর এই পদক এসেছে টোকিও অলিম্পিক ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বরগোহাইনের হাত ধরে। রিংয়ে নামার আগেই ৭৫ কেজি ওজন বিভাগে বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছেন লভলিনা।
৭৫ কেজি ওজন বিভাগে মাত্র পাঁচজন বক্সার থাকায় লভলিনাসহ তিনজন খেলোয়াড় সরাসরি শেষ চারে পৌঁছে যান, আর বাকি দুজনকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে হবে। কমনওয়েলথ গেমসের বক্সিং নিয়ম অনুসারে, সেমিফাইনালে পরাজিত সব প্রতিযোগীকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। এর অর্থ, গ্লাসগোতে নিজের প্রথম ম্যাচ খেলার আগেই লভলিনা ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন। ৩১ জুলাই সেমিফাইনালে টুভালুর টিকেবিপি তাফাকির মুখোমুখি হবেন লভলিনা। এই ম্যাচে জিতলেই তিনি ফাইনালে পৌঁছে যাবেন এবং রুপো নিশ্চিত হবে। হারলে তাঁকে ব্রোঞ্জ নিয়েই ফিরতে হবে।
২৮ বছর বয়সী ভারতীয় এই বক্সারের এটাই প্রথম কমনওয়েলথ গেমস পদক। ২০১৮ গোল্ড কোস্ট কমওয়েলথ গেমসে কোয়ার্টার ফাইনালে স্যান্ডি রায়ানের কাছে হেরে যান এবং বার্মিংহাম ২০২২–এ প্রথম বাউটেই পরাজিত হন। আগের দুটি কমনওয়েলথ গেমসে তিনি ৬৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে লভলিনা টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। এছাড়া, তিনি চীনের হাংঝৌতে অনুষ্ঠিত ২০২৩ এশিয়ান গেমসেও একটা রুপো জিতেছিলেন। একমাত্র কমনওয়েলথ গেমস পদকই তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে অধরা ছিল। সেটাও এসে গেল।
লভলিনার পদক নিশ্চিত হওয়াটা নিঃসন্দেহে অন্যান্য ভারতীয় ক্রীড়াবিদদের মনোবল বাড়িয়ে দেবে। ভারতীয় দল লন বোলস ইভেন্টের মাধ্যমে ২০২৬ কমনওয়েলথ গেমসে অভিযান শুরু করবে। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই লন বোলস ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে এবারের কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা কমবে। কারণ, হকি, ব্যাডমিন্টন, কুস্তি এবং ক্রিকেট ইভেন্টগুলি এবারের গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬–এ অন্তর্ভুক্ত নেই। এই ইভেন্টগুলিতে আগেরবার ভারত ৩১টি পদক জিতেছিল।
গ্লাসগো কমনওয়েলথ গেমসে মোট ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভারত ৮টি ইভেন্টেই অংশগ্রহণ করছে। এই ৮টি ইভেন্টের মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স, বক্সিং, ভারোত্তোলন, জুডো, আর্টিস্টিক জিমন্যাস্টিকস, ট্র্যাক সাইক্লিং, লন বোলস এবং সাঁতার। অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। গোটা বিশ্বের নজর থাকবে জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ার ওপর। নীরজ ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। চোটের কারণে তিনি ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি।