অভিষেক ম্যাচেই গোল হামিদের, নামধারীকে হারিয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল
নামধারী এফসি–কে ১–০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ডুরান্ডের শেষ আটে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। দুই দলের পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে লাল–হলুদ।
লাল–হলুদ জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল হামিদ আহদাদের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ০৬, ২০২৫
Share on:
আগের ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়। ডুরান্ড কাপে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল নামধারী এফসি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে। যদিও গোলপার্থক্য ভাল জায়গায় ছিল। জিতলেই কোয়ার্টার ফাইনাল। সুযোগ হাতছাড়া করল না অস্কার ব্রুজোর দল। নামধারী এফসি–কে ১–০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ডুরান্ডের শেষ আটে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। দুই দলের পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে লাল–হলুদ।
শক্তির বিচারে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল। সামনে দিয়ামানতাকোসকে রেখে দল সাজিয়েছিলেন অস্কার ব্রুজো। একটু পেছনে নতুন বিদেশি মিগুয়েল। মাঝমাঠে আরও দুই বিদেশি সল ক্রেসপো ও মহম্মদ রশিদ। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইস্টবেঙ্গলের। ২১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল। ৩৫ গজ দুর থেকে বাঁপায়ে গোলার মতো মতো শট নিয়েছিলেন মিগুয়েল ফেরেইরা। বল পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটে আবার মিগুয়েলের সামনে বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। বিপিনের সেন্টারে হেড করেছিলেন মিগেল। বল পোস্টে লেগে ফিরে আসে।
৩৯ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। মহেশ সিংয়ের ফ্রিকিকে চকিত হেড করেছিলেন সল ক্রেসপো। ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত সেভ করেন নামধারী এফসি গোলকিপার নীরজ কুমার। ৪১ মিনিটে পেনাল্টি পেতে পারত ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে মিগুয়েলকে জার্সি ধরে টেনে ফেলে দিলেও রেফারি এড়িয়ে যান। বল কর্নারের বিনিময়ে বাঁচান নামধারীর এক ডিফেন্ডার। সল ক্রেসপোর কর্নারে দুরন্ত হেড করেছিলেন মিগুয়েল। বল বারে লেগে ফিরে আসে। প্রথামার্ধে নিরঙ্কুশ প্রাধান্য থাকলেও গোল তুলে নিতে পারেনি ইস্টবেঙ্গল। পোস্ট ও বার বাধা হয়ে না দাঁড়ালে প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যেতে পারত লাল–হলুদ।
প্রথমার্ধে দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে একেবারেই চোখে পড়েনি। আক্রমণে গতি আনতে তাঁকে তুলে দ্বিতীয়ার্ধে নতুন বিদেশি হামিদ আহাদাদকে নামান লাল–হলুদ কোচ অস্কার ব্রুজো। ফলও মেলে ৬৮ মিনিটে ব্রাজিলিয়ান–মরোক্কানের যুগলবন্দীতে ডেডলক ভাঙে। মিগুয়েলের কর্নারে হেডে গোল করেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি হামিদ আহাদাদ। লাল–হলুদ জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল। ম্যাচের ইনজুরি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল হামিদের সামনে। ৬ গজ বক্সে থেকে বল জালে রাখতে পারেননি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.