ট্রেন্ডিং

Sunil Chhetri

‌অবসর ভেঙে আবার দেশের জার্সি গায়ে খেলার সিদ্ধান্ত সুনীল ছেত্রীর

ঢাকঢোল পিঠিয়ে গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুনীল ছেত্রী। বছর ঘুরতে না ঘুরতেই আবার অবসর ভেঙে আবার দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান এই স্ট্রাইকার।

আবার দেশের হয়ে খেলতে দেখা যাবে সুনীলকে।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ০৭, ২০২৫
Share on:

ঢাকঢোল পিঠিয়ে গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুনীল ছেত্রী। বছর ঘুরতে না ঘুরতেই আবার অবসর ভেঙে আবার দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান এই স্ট্রাইকার। চলতি মাসেই মালদ্বীপের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। তারপর ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচেই আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে সুনীলকে।

গত বছর জুনে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান সুনীল। সেই ম্যাচে ভারত গোলশূন্য ড্র করেছিল। ম্যাচের ফাঁকে সুনীলকে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়েছিল। ১৯ বছরের বর্ণময় আন্তর্জাতিক ফুটবলজীবনের যবনিকা টানলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন ৪১ বছর বয়সী সুনীল।


১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। তারপর ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে। এই দুটি ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ম্যাচের দলে সুনীলকে রাখা হয়েছে। সুনীলকে দলে রাখা প্রসঙ্গে জাতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ বলেছেন, ‘‌এশিয়ান কাপের জন্য বাংলাদেশ ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় দলে ফেরার ব্যাপারে ওর সঙ্গে কথা বলেছিলাম। সুনীল রাজি হয়েছে। তাই ওকে দলে রেখেছি।’‌

দেশের হয়ে ৯৪টি গোল করেছেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও আলি দায়েরের পরেই রয়েছেন তিনি। চলতি মরশুমে আইএসএলেও দারুণ ফর্মে। বেঙ্গালুরু এফসির হয়ে এখনও পর্যন্ত ১২টি গোল করেছেন সুনীল। যা ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক। ২৩টি ম্যাচের ১৭টিতে শুরু থেকে খেলেছেন। সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে রয়েছেন। সুনীল অবসর ভেঙে ফিরে আসায় বাংলাদেশ ম্যাচে আক্রমণভাগ নিয়ে চিন্তা কমল মানোলো মার্কুয়েজের। বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুরের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত। বাংলাদেশ ম্যাচ খেললেও সুনীল পরের ম্যাচগুলো খেলবেন কিনা, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora