৭ বছর আগে বাবার মৃত্যুর পরেও জাপান ছেড়ে যাননি, সেই লালরেমসিয়ামির গোলেই হকিতে ৪৪ বছরের খরা কাটাল ভারত
৭ বছর আগে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত এফআইএইচ সিরিজ ফাইনালের সময় লালরেমসিয়ামির বাবা মারা যান। জাপানে বসেই বাবার মৃত্যুর খবর জানতে পেরেছিলেন লালরেমসিয়ামি। তৎকালীন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল তাঁকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিলেও দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
কোচের সঙ্গে লালরেমসিয়ামি।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ০৩, ২০২৬
Share on:
৭ বছর আগেকার কথা। জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত এফআইএইচ সিরিজ ফাইনালের সময় লালরেমসিয়ামির বাবা মারা যান। জাপানে বসেই বাবার মৃত্যুর খবর জানতে পেরেছিলেন লালরেমসিয়ামি। তৎকালীন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল তাঁকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিলেও দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন। হৃদয় ভেঙে চুরমার, তবুও খেলা চালিয়ে যান লালরেমসিয়ামি। দেশকে খেতাব জিতিয়ে ফিরেছিলেন। সেই জাপানের মাটিতেই লালরেমসিয়ামির ব্যাকস্টিক থেকে করা গোলে এশিয়ান গেমসে হকির ফাইনালে ঐতিহাসিক জয় তুলে ৪৪ বছরের সোনার খরা কাটিয়েছে ভারত।
ফাইনালে গতবারের সোনাজয়ী চীনের মুখোমুখি হয়েছিল ভারত। শক্তিশালী চীনকে ১–০ ব্যবধানে হারিয়েছে লালরেমসিয়ামির একমাত্র করা গোলে। ১৯৮২ সালের পর এই প্রথম ভারত এশিয়ান গেমসে সোনা জিতল। এইসঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও জোগাড় করে নিয়েছে। কাকতালীয়ভাবে, চীনের বিরুদ্ধে এশিয়ান গেমসের ফাইনাল লালরেমসিয়ামির কেরিয়ারে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ছোট থেকে সংগ্রাম করে আসা সিয়ামি ত্যাগের আসল পুরস্কার পেয়ে গেলেন এবারের এশিয়ান গেমসেই। তাঁর গোলেই প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় ভারত এবং শেষ পর্যন্ত লিড ধরে রাখে।
প্রথম কোয়ার্টার থেকেই চীনের ওপর চাপ সৃষ্টি করে ভারত। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বলজিৎ কাউর গ্রিন কার্ড দেখেন। তাসত্ত্বেও ভারত কিন্তু চীনের ওপর চাপ বজায় রাখে। ম্যাচের ১০ মিনিটেই তার সুফল পায়। দেশের হয়ে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা লালরেমসিয়ামি ফিল্ড গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপর ভারত একটা পেনাল্টি কর্নার আদায় করে নেয়। কিন্তু ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে। তবে ভারতীয় দল প্রথম কোয়ার্টারের শেষ পর্যন্ত লিড ধরে রাখে।
দ্বিতীয় কোয়ার্টারে চীন আক্রমণাত্মক খেলে ভারতের ওপর ক্রমাগত চাপ বজায় রেখেছিল। একটা পেনাল্টি স্ট্রোকও আদায় করে। কিন্তু ভারতীয় মহিলা দলের অভিজ্ঞ গোলকিপার সবিতা পুনিয়া দুর্দান্ত সেভ করে চীনকে সমতা ফেরানো থেকে বঞ্চিত করেন। এর পরেও চীনের আক্রমণ অব্যাহত ছিল। কিন্তু ভারতীয় রক্ষণভাগ দুর্দান্ত খেলে চীনের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ভারত চমৎকার রক্ষণাত্মক নৈপুণ্য প্রদর্শন করে। শেষ কয়েক মিনিটে চীন কৌশল পরিবর্তন করে। তাতেও কাজের কাজ কিছু হয়নি।পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে অবশেষে ৪৪ বছরের খরা কাটাতে সফল হয় ভারত।
ভারত একমাত্র সোনা জিতেছিল ১৯৮২ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে, যখন প্রথমবারের মতো মহিলাদের হকি এই গেমসে অন্তর্ভুক্ত হয়েছিল। তারপর থেকে ভারত ১৯৯৮ এবং ২০১৮ সালে ফাইনালে পৌঁছালেও দক্ষিণ কোরিয়া এবং জাপানের কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকে। সালিমা টেটের নেতৃত্বাধীন এই দল এবার সোনা জেতার সুযোগ হাতছাড়া করেনি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.