ট্রেন্ডিং

West Bengal Assembly Election 2026: AIMIM-AJUP

হুমায়ুন কবীরের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই লড়বে আসাদুদ্দিন ওয়াইসির মিম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি (‌এজেইউপি)‌–র সঙ্গে জোট বেঁধে লড়াই করার কথা জানিয়েছিল আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিন (‌এআইএমআইএম)‌। হুমায়ুনের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে এআইএমআইএম। জোট ভেঙে নির্বাচনে একা লড়াই করার কথা ঘোষণা করেছে।

হুমায়ুন কবীর ও আসাদুদ্দিন ওয়াইসি।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬
Share on:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি (‌এজেইউপি)‌–র সঙ্গে জোট বেঁধে লড়াই করার কথা জানিয়েছিল আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিন (‌এআইএমআইএম)‌। হুমায়ুনের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে এআইএমআইএম। জোট ভেঙে নির্বাচনে একা লড়াই করার কথা ঘোষণা করেছে। 

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সেই ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে, তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের ২ হাজার কোটি টাকার রফা হয়েছে। তৃণমূল কংগ্রেস এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) ভিডিওটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পরই হুমায়ুন কবীর দাবি করেন, এআই ব্যবহার করে তৃণমূল ওই ভিডিও তৈরি করেছে।

এই ভিডিও প্রকাশ্যে আসার পরপরই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আসাদুদ্দিন ওয়াইসির দল হুমায়ুন কবীরের এজেইউপি–র সঙ্গে জোট ভেঙে দেওয়ার ঘোষণা করেছে। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে এআইএমআইএম দলের পক্ষ থেকে পোস্ট করে বলা হয়েছে, ‘‌‌বাংলার মুসলমানরা ঠিক কতটা অসহায় সেটা বোঝা যাচ্ছে হুমায়ুন কবীরের এই ভিডিও থেকে। যে দলের সততা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের সঙ্গে আমাদের পক্ষে জোট করা সম্ভব নয়। মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলে এমন কোনও দলের সঙ্গে এআইএমআইএম নিজেকে যুক্ত করতে পারে না। আজ থেকে এআইএমআইএম কবীরের দল এজেইউপি–র সঙ্গে জোট ভেঙে দিয়েছে।’‌ 


এআইএমআইএমের পক্ষ থেকে আরও লেখা হয়েছে, ‘‌বাংলার মুসলমানরা খুবই গরিব, অবহেলিত এবং শোষিত। কয়েক দশক ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষমতায় থাকলেও মুসলিমদের জন্য কিছুই করা হয়নি। যে কোনও রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পেছনে এআইএমআইএম•এর নীতি হলো প্রান্তিক জনগোষ্ঠীর একটা স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর নিশ্চিত করা। আমরা এখন বাংলায় স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কোনও দলের সঙ্গে জোট করব না।’‌

এদিকে, ভাইরাল ভিডিওটিকে ‘‌পুরোপুরি মিথ্যা’‌ আখ্যা দিয়ে কবীর আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘‌এটা এআই দিয়ে তৈরি।’‌ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকিও দিয়েছেন। ওয়াইসির দল জোট ভেঙে দেওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, ‘এআইএমআইএম–র ‌জোট ভাঙার অধিকার  আছে৷ আমি ওয়াইসি সাহেবকে দীর্ঘদিন ধরেই শ্রদ্ধা করি। জোট ভেঙে গেলেও করব। ওরা তৃণমূলের ফাঁদে পা দিয়েছে।’

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora