ট্রেন্ডিং

India vs Zimbabwe

‌সবথেকে কম ম্যাচ খেলে সেঞ্চুরির রেকর্ড, বিধ্বংসী অভিষেক শর্মা বুঝিয়ে দিলেন তিনি তৈরি

সবথেকে কম ম্যাচ খেলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অভিষেকের। দেশের জার্সি গায়ে জীবনের দ্বিতীয় টি২০ ম্যাচে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি তুলে নিলেন ভারতের এই তরুণ ওপেনার। বুঝিয়ে দিলেন, রোহিত–কোহলিদের জায়গা নিতে তৈরি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে দ্বিতীয় টি২০ ম্যাচে জিম্বাবোয়েকে ১০০ রানে উড়িয়ে সমতা ফেরাল ভারত।

বিধ্বংসী অভিষেক শর্মা

দীপঙ্কর বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ০৭, ২০২৪
Share on:

দেশের হয়ে জীবনের প্রথম ম্যাচেই খাতা খুলতে পারেননি। আইপিএলে বিস্ফোরন ঘটানো অভিষেক শর্মার আঁতে হয়তো ঘা লেগেছিল। না হলে দ্বিতীয় ম্যাচেই এইরকম বিধ্বংসী হয়ে উঠবেন কেন?‌ দেশের জার্সি গায়ে জীবনের দ্বিতীয় টি২০ ম্যাচে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি তুলে নিলেন ভারতের এই তরুণ ওপেনার। বুঝিয়ে দিলেন, প্রথম ম্যাচে ব্যর্থ হলে কী হবে, রোহিত–কোহলিদের জায়গা নিতে তৈরি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে দ্বিতীয় টি২০ ম্যাচে জিম্বাবোয়েকে ১০০ রানে উড়িয়ে সমতা ফেরাল ভারত। সবথেকে কম ম্যাচ খেলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অভিষেকের।

টস জিতে এদিন অবশ্য আর ভুল করেননি শুভমান গিল। প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল ভারত। দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানির বলে ফিরে যান অধিনায়ক শুভমান গিল (‌২)‌। অভিষেক শর্মা শুরুতে সতর্ক থাকলেও পরে ঝড় তোলেন। ১১ তম ওভারে ডিওন মেয়ার্সের বলে ২৬ রান নেন অভিষেক। ‌প্রথম ম্যাচের ব্যর্থতা এদিন সুদে–আসলে মিটিয়ে নেন। মাত্র ৪৬ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান। সেঞ্চুরি করার পরের বলেই আউট হন অভিষেক। মারেন ৭টি ৪ ও ৮টি ৬। 

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সবথেকে কম ম্যাচ খেলে সেঞ্চুরির রেকর্ড গড়লেন অভিষেক। জীবনের দ্বিতীয় ম্যাচেই তিনি সেঞ্চুরি পেলেন। ভেঙে দিলেন দীপক হুডার রেকর্ড। জীবনের তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেছিলেন হুডা। আর লোকেশ রাহুল করেছিলেন চতুর্থ ম্যাচে। এদিন ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েন। অভিষেক ফিরে যাওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ ও রিঙ্কু সিং। এই দুই ব্যাটারও আগের ম্যাচে রান পাননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেটে ২৩৪ রান তোলে ভারত। শেষ ১০ ওভারে ওঠে ১৬০। ৪৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ। ২২ বলে অপরাজিত ৪৭ রান করেন রিঙ্কু সিং। মারেন ২টি ৪ ও ৫টি ৬। 


২৩৪ রান তাড়া করে জেতার মতো ক্ষমতা জিম্বাবোয়ের নেই। দেখার ছিল, কতটা লড়াই করতে পারে। বাউন্ডারি হাঁকিয়ে শুরু করলেও মুকেশ কুমারের তৃতীয় বলেই আউট হন ইনোসেন্ট কাইয়া (‌৪)‌। ঝড় তুলে ৯ বলে ২৬ রান করে মুকেশের বলেই আউট হন ব্রায়ান বেনেট। পরের ওভারে ডিওন মেয়ার্সকে (‌০)‌ ফেরান আবেশ খান। একই ওভারে তুলে নেন সিকান্দার রাজাকে (‌৪)‌। শেষ পর্যন্ত ১৮.‌৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। ওয়েসলি মাধেভেরে (‌৩৯ বলে ৪৩)‌ ও লুক জঙ্গে (‌২৬ বলে ৩৩)‌ কিছুটা লড়াই করেন। ১৫ রানে ৩ উইকেট নেন আবেশ খান। ৩৭ রানে ৩ উইকেট মুকেশ কুমারের। 


 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora