ট্রেন্ডিং

Bengal vs Kerala Ranji Match

‌দিনের শেষ বেলায় দুরন্ত বোলিং, ‘ব্রাত্য’‌ ঈশান পোড়েলের হাত ধরেই কেরলকে চাপে রাখল বাংলা

একসময় সাড়া জাগিয়ে শুরু করেছিলেন। কয়েকবছর আগে পর্যন্ত ঈশান পোড়েলকে ছাড়া বাংলা দলের কথা ভাবাই যেত না। ছন্দ হারিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। এবছর রনজি ট্রফির প্রথম দুটি ম্যাচে সুযোগই পাননি। সেই ব্রাত্য ঈশানের দাপটেই কেরলকে দ্বিতীয় দিনের শেষ বেলায় চাপে ফেলে দিল বাংলা।

দুরন্ত ঈশানকে অভিনন্দন সতীর্থদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২৪
Share on:

একসময় সাড়া জাগিয়ে শুরু করেছিলেন। কয়েকবছর আগে পর্যন্ত ঈশান পোড়েলকে ছাড়া বাংলা দলের কথা ভাবাই যেত না। ছন্দ হারিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। এবছর রনজি ট্রফির প্রথম দুটি ম্যাচে সুযোগই পাননি। রিজার্ভে ছিলেন। আকাশ দীপ, মুকেশ কুমাররা থাকলে এই ম্যাচেও সুযোগ পেতেন না। সেই ‘‌ব্রাত্য’‌ ঈশানের দাপটেই কেরলকে দ্বিতীয় দিনের শেষ বেলায় চাপে ফেলে দিল বাংলা। 

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠ ভেজা থাকায় প্রথম দিন একবলও খেলা হয়নি। দ্বিতীয় দিন চা বিরতির দীর্ঘক্ষণ পর খেলা শুরু হয়। এদিন খেলা হল মাত্র ১৫.‌১ ওভার। টস জিতে কেরলকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। লক্ষ্য ছিল, স্যাঁতসেঁতে পরিবেশে নতুন বলে কেরলকে চাপে ফেলার। প্রথম ৮ ওভারে বাংলার দুই জোরে বোলার ঈশান পোড়েল ও মহম্মদ কাইফ কেরলের দুই ওপেনারের ওপর প্রভাব ফেলতে পারেননি। আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন রোহান কুন্নুম্মাল। নবম ওভারে জ্বলে ওঠেন ঈশান। পরপর ২ বলে তুলে নেন কুন্নুম্মাল (‌২২ বলে ২৩)‌ ও বাবা অপরাজিতকে (‌০)‌। এক ওভার পরেই আদিত্য সারওয়াতেকে (‌৫)‌ ফেরান প্রদীপ্ত প্রামাণিক। 


একাদশ ওভারে আবার ধাক্কা ঈশান পোড়েলের। এবার তুলে নেন বৎসল গোবিন্দকে (‌৫)‌। ৩৩/‌০ থেকে হঠাৎ ৩৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেরল। দিনের শেষে ১৫.‌১ ওভারে তুলেছে ৪ উইকেট হারিয়ে ৫১। ক্রিজে রয়েছেন অধিনায়ক শচীন বেবি (‌৪)‌ ও অক্ষয় চন্দ্রন (‌৯)‌। ৭ ওভার বোলিং করে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন ঈশান পোড়েল। ৮ রানে ১ উইকেট নিয়েছেন প্রদীপ্ত প্রামাণিক।

কেরলের বিরুদ্ধে এদিন রনজি অভিষেক হল অভিলিন ঘোষ ও শুভম দে’‌র। অভিলিনকে বেঙ্গল রনজি ক্যাপ তুলে দেন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। অন্যদিকে, শুভম দে’‌র হাতে ক্যাপ তুলে দেন ঋদ্ধিমান সাহা। ঈশানের পারফরমেন্সে খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। দিনের খেলার শেষে তিনি বলেন, ‘‌শুরুতেই ৪ উইকেট তুলে নিতে পারাটা ভাল ব্যাপার। আশা করছি তৃতীয় দিন সকালে আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারব।’‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora