দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনও ইডেনে টেস্ট ম্যাচ খেলেননি যশপ্রীত বুমরা। ক্রিকেটের নন্দনকাননে জীবনে প্রথম টেস্ট খেলতে নেমেই বাজিমাত ভারতীয় দলের এইউ জোরে বোলারের। তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৫৯ রানে। ২৭ রানে ৫ উইকেট তুলে নিলেন বুমরা। ব্যাট করতে নেমে দিনের সেষে ভারত ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে।
ইডেনের বাইশ গজ নিয়ে বিগত কদিন ধরে কতই না চর্চা। ঘূর্ণি পিচের জন্য বারবার তদ্বির করছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পরিকল্পনা ছিল স্পিন দিয়েই প্রোটিয়াদের শেষ করা। সেই মতো ৪ স্পিনারে প্রথম একাদশ সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম দিনেই স্পিনারদের মঞ্চে কামাল করে গেলেন যশপ্রীত বুমরা। শুরুতেই তাঁর জোড়া ধাক্কা সামলাতে পারেনি টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। প্রথম স্পেলে ৭ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৯ রানে তুলে নেন ২ উইকেট।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম শুরুটা খুব একটা খারাপ করেননি। একটু আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করছিলেন। ১০.২ ওভারেই ওপেনিং জুটিতে তুলে ফেলে ৫৭। জুটি ভাঙেন যশপ্রীত বুমরা। তাঁর দুরন্ত ডেলিভারি ছিটকে দেয় রিকেলটনের (২২ বলে ২৩) স্টাম্প। এরপর ক্রিজে জমে যাওয়া মার্করামকেও তুলে নেন বুমরা। হঠাৎ লাফিয়ে ওঠা বল মার্করামের (৪৮ বলে ৩১) গ্লাভস ছুয়ে ঋষভ পন্থের দস্তানায়।
আরও পড়ুনঃ ‘বারান্দায় রোদ্দুর’, সিবিএসই ‘সেবা’ প্রোগ্রামে পিছিয়ে পড়া শিশুদের পাশে আড়িয়াদহের টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল
আরও পড়ুনঃ লুধিয়ানায় হামলার ছক সন্ত্রাসীদের, পরিকল্পনা ভেস্তে দিল পাঞ্জাব পুলিশ, উদ্ধার গ্রেনেড, গ্রেফতার ১০
যার প্রথম একাদশে থাকা নিয়ে একসময় অনিশ্চয়তা ছিল, সেই কুলদীপ যাদব আক্রমণে এসেই ফেরান অধিনায়ক তেম্বা বাভুমাকে (১১ বলে ৩)। এদিন প্রোটিয়া ব্যাটারদের রীতিমতো ধাঁধায় ফেলে দেনন কুলদীপ। তাঁর কোন বলটা ভেতরে ঢুকবে, কোনটা বাইরে যাবে, বুঝতে পারছিলেন না প্রোটিয়া ব্যাটাররা। এইরকমই একটা গুগলি বুঝতে না পেরে এলবিডব্লু উইয়ান মুলডার (৫১ বলে ২৪)। এরপর টনি ডি জর্জিকে (৫৫ বলে ২৪) তুলে নেন বুমরা। ট্রিস্টান স্টাবস ও ভেরেইনে কিছুটা লড়াই করেন। কিন্তু তা যথেষ্ট ছিল না। ভেরেইনেকে (৩৬ বলে ১৬) তুলে নিয়ে জুটি ভাঙেন মহম্মদ সিরাজ। প্রোটিয়াদের ব্যাটিং লেজ গুটিয়ে দেন বুমরা। শেষ স্পেলে ২ ওভারে ১ মেডেনসহ ৪ রানে ২ উইকেট তুলে নেন বুমরা। ইনিংসে ২৭ রানে ৫ উইকেট। ২টি করে উইকেট নেন সিরাজ ও কুলদীপ।
ব্যাট করতে নেমে সতর্কভাবে শুরু করেছিলেন ভারতীয় দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। সপ্তম ওভারের শেষ বল ধাক্কা খায় ভারত। মার্কো জানসেনের বলে বোল্ড হন যশস্বী জয়সওয়াল (২৭ বলে ১৩)। দিনের শেষে ২০ ওভারে ভারতের রান ৩৭/১। লোকেশ রাহুল ১৩ রানে ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত রয়েছেন। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ১২২ রানে পিছিয়ে ভারত।