ভারতে খেলতে এসেই নিজেকে সবসময় ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ভারতের বিরুদ্ধে এদেশের মাটিতে তাঁর শেষ তিন ইনিংসে রান ছিল ১৩০, ১৩৪ ও ৮৪। আবার সেঞ্চুরি এই কিউয়ি মিডল অর্ডার ব্যাটারের। মিচেলের দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে রাজকোটে ৭ উইকেটে জিতে ৩ ম্যাচের সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। ১১৭ বলে ১৩১ রান করে অপরাজিত থাকলেন ড্যারিল মিচেল।
টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শুরুটা বেশ ভালই হয়েছিল ভারতের। রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটিতে ওঠে ৭০। সতর্কভাবে শুরু করেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি রোহিত। ৩৮ বলে ২৪ রান করে আউট হন। শুভমান অবশ্য হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৫৩ বলে ৫৬ রান করে তিনি কাইল জেমিসনের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দেন। শ্রেয়স আয়ার (১৭ বলে ৮) এদিন রান পাননি। দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলিও বড় রান করতে ব্যর্থ। ২৯ বলে ২৩ রান করে তিনি আউট হন। ১১৮ বলে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
এরপর দলকে টেনে নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। দুজনের জুটিতে ওঠে ৭৩। ৪৪ বলে ২৭ রান করে ফিরে যান জাদেজা। নীতীশ কুমার রেড্ডিও (২১ বলে ২০) বড় রান পাননি। সতীর্থদের ব্যর্থতা ঢেকে দেন লোকেশ রাহুল। দুরন্ত সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৯২ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন রাহুল। তাঁর সৌজন্যেই নির্ধারিত ৫০ ওভারে ২৮৪/৭ তোলে ভারত। নিউজিল্যান্ডের হয়ে ক্রিস্টান ক্লার্ক ৫৬ রানে ৩ উইকেট নেন।
আরও পড়ুনঃ ‘মিস ইন্ডিয়া’য় দেশের সেরা সুন্দরী নির্বাচিত মালদার নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর কন্যা প্রিন্সিপ্রিয়া
জয়ের জন্য ২৮৫ রানের লক্ষ্য কিউয়িদের সামনে খুব একটা সহজ ছিল না। শুরুর দিকে ভারতীয় জোরে বোলারদের দাপটে রান তোলার গতিও ছিল মন্থর। ১৩ ওভারের মধ্যেই মাত্র ৪৬ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর প্রাথমিক চাপ কাটিয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যান উইল ইয়ং ও ড্যারিল মিচেল। দুজনের জুটিতে ওঠে ১৬২। এই জুটিই ম্যাচের ভবিষ্যত নির্ধারণ করে দেয়।
২০৮ রানের মাথায় উইল ইয়ংকে তুলে নিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ইয়ং। ৯৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। ইয়ং হাতছাড়া করলেও ড্যারিল মিচেল অবশ্য সেঞ্চুরি পূর্ণ করেন। ৯৬ বলে তাঁর সেঞ্চুরি আসে। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ১১৭ বলে ১৩১ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয় এনে দেন ড্যারিল মিচেল। ৪৭.৩ ওভারে জয়ের লক্ষ্যে (২৮৬/৩) পৌঁছে যায় নিউজিল্যান্ড। ২৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ভারতের হয়ে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন।