ইউপি ওয়ারিয়র্সকে ৮ উইকেটে উড়িয়ে ডব্লুপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মহিলাদের প্রিমিয়ার লিগে শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মনে হচ্ছিল ফাইনাল শুধু সময়ের অপেক্ষা। হঠাৎই ছন্দপতন। পরপর দুটি ম্যাচ হেরে সরাসরি ফাইনালে ওঠার স্বপ্নে ব্যাঘাত ঘটেছিল। লিগ পর্বের শেষ ম্যাচে এসে আবার স্বমহিমায় স্মৃতি মানধানার দল। ইউপি ওয়ারিয়র্সকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, বেঙ্গালুরুর কাছে হেরে প্লেঅফের স্বপ্ন শেষ হয়ে গেল ইউপি ওয়ারিয়র্সের।
লিগ পর্বের শেষ ম্যাচে এসে আবার স্বমহিমায় স্মৃতি মানধানার দল।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬
Share on:
মহিলাদের প্রিমিয়ার লিগে শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মনে হচ্ছিল ফাইনাল শুধু সময়ের অপেক্ষা। হঠাৎই ছন্দপতন। পরপর দুটি ম্যাচ হেরে সরাসরি ফাইনালে ওঠার স্বপ্নে ব্যাঘাত ঘটেছিল। লিগ পর্বের শেষ ম্যাচে এসে আবার স্বমহিমায় স্মৃতি মানধানার দল। ইউপি ওয়ারিয়র্সকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, বেঙ্গালুরুর কাছে হেরে প্লেঅফের স্বপ্ন শেষ হয়ে গেল ইউপি ওয়ারিয়র্সের।
টস জিতে ইউপি ওয়ারিয়র্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স। শুরুটা দুর্দান্ত করেছিল ইউপি ওয়ারিয়র্স। মেগ ল্যানিং ও দীপ্তি শর্মার ওপেনিং জুটিতে ৮ ওভারে ওঠে ৭৪। মনে হচ্ছিল বড় ইনিংস গড়বে ইউপি। কিন্তু মেঘ ল্যানিং (৩০ বলে ৪১) আউট হতেই ছন্দপতন। মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। অ্যামি জোন্স (২ বলে ১), হারলিন দেওল (১৪ বলে ১৪), চোলে ট্রায়ন (৭ বলে ৬), শ্বেতা সেহরাওয়াতরা (১০ বলে ৭) রান পাননি। দীপ্তি শর্মার লড়াকু ব্যাটিং নির্ধারিত ২০ ওভারে ১৪৩/৮ রানে পৌঁছে দেয় ইউপি ওয়ারিয়র্সকে। ৪৩ বলে ৫৫ রান করেন দীপ্তি। দুরন্ত বোলিং করে ২২ রানে ৪ উইকেট নেন নাদিন ডিক্লার্ক।
জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। গ্রেস হ্যারিস ও স্মৃতি মানধানার ওপেনিং জুটিই দলের জয়ের ভিত গড়ে দেয়। ওপেনিং জুটিতে মাত্র ৯ ওভারে ওঠে ১০৮। দশম ওভারে শিখা পাণ্ডের প্রথম বলে আউট হন হ্যারিস। ৩৭ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। জয় থেকে বেঙ্গালুরু যখন মাত্র ১ রান দূরে, তখনই আউট হন জর্জিয়া ভল। ১৫ বলে তিনি করেন ১৬। ১৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। ২৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন স্মৃতি মানধানা। ক্রিজে নামলেও রিচা ঘোষকে কোনও বল খেলতে হয়নি। ম্যাচের সেরা গ্রেস হ্যারিস।
৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে সরাসরি ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে থাকা গুজরাট জায়ান্টসের ৭ ম্যাচে ৮ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলেও তারা বেঙ্গালুরুকে স্পর্শ করতে পারবে না। মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস দুই দলেরই ৭ ম্যাচে ৬ পয়েন্ট করে। তিন দলের সামনেই প্লেঅফে ওঠার সুযোগ রয়েছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.