জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল বেঙ্গল প্রো টি২০ লিগের দ্বিতীয় সংস্করণ। মঞ্চ মাতালেন বিখ্যাত গায়িকা সুনিধি চৌহান। উদ্বোধনী ম্যাচের আগে ইডেনের আইকনিক ঘণ্টা বাজান লক্ষীরতন শুক্লা, মনোজ তেওয়ারি ও রিচা ঘোষ। হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলিসহ অন্যান্যরা। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুর্শিদাবাদ কিংস ও সোবিস্ক স্মাশার্স মালদা। ৭ উইকেটে জয় দিয়ে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন মুর্শিদাবাদ কিংস।
বুধবার বিকেল ৫টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ট্রফি নিয়ে মাঠে ঢোকেন প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং ঝুলন গোস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বলিউডের প্রখ্যাত গায়িকা সুনিধি চৌহান। দেড় ঘণ্টার অনুষ্ঠানে সুনিধির পারফরমেন্স হৃদয় ছুঁয়ে যায় দর্শকদের। ‘ধুম’, ‘রেস’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’–র মতো জনপ্রিয় হিন্দি সিনেমার গান গেয়ে উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে রাখেন।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন সৌরভ গাঙ্গুলি, দমকলমন্ত্রী সুজিত বসু, দেবাশিস কুমার। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্ক, প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা গ্রেস হেডেনও ছিলেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৮টি দলের অধিনায়করাও হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। এবারের প্রতিযোগিতার ম্যাসকট ‘বাঁটুল দি গ্রেট’।
উদ্বোধনী অনুষ্ঠানের মতো প্রথম ম্যাচ অবশ্য একেবারেই জমল না। প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় সোবিস্ক স্ম্যাশার্স মালদা। সর্বোচ্চ রান করেন ঋত্বিক চ্যাটার্জি (১৪ বলে ৩০)। দুরন্ত বোলিং করে ২২ রানে ৪ উইকেট তুলে নেন ইরফান আফতাব। ২৬ রানে ৩ উইকেট নেন সুখমিত সিং। জবাবে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুর্শিদাবাদ কিংস। ৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন ঋষভ চৌধুরি। ২৪ বলে ২৮ রান করেন অঙ্কিত চ্যাটার্জি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.