ঘরের মাঠে প্রথম জয় বিরাট কোহলিদের, রাজস্থানকে হারিয়ে প্লে অফের পথে বেঙ্গালুরু
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে ঘরের মাঠে একটা ম্যাচও জিততে পারেনি বেঙ্গালুরু। তিন ম্যাচে তিনটিতেই হার। অবশেষে খরা কাটাল। বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়ে ৩ নম্বরে উঠে এল বেঙ্গালুরু।
দুরন্ত বোলিং। ম্যাচের সেরা জশ হ্যাজেলউডকে অভিনন্দন সতীর্থদের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৫
Share on:
সব দলেরই ঘরের মাঠে আলাদা দাপট থাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উলোটপুরান। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে ঘরের মাঠে একটা ম্যাচও জিততে পারেনি বেঙ্গালুরু। তিন ম্যাচে তিনটিতেই হার। অবশেষে খরা কাটাল। বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়ে ৩ নম্বরে উঠে এল বেঙ্গালুরু। অন্যদিকে, বেঙ্গালুরুর কাছে হেরে প্লে অফের রাস্তা আরও কঠিন হয়ে গেল রাজস্থানের।
চিন্নাস্বামীতে টসে জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠায় রাজস্থান। শুরুটা ভাল করেছিল বেঙ্গালুরু। বিরাট কোহলি ও ফিল সল্টের ওপেনিং জুটিতে ওঠে ৬১। সল্টকে তুলে নিয়ে জুটি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৩ বলে ২৬ রান করে আউট হন সল্ট। কোহলি অবশ্য নিজের মেজাজেই খেলে যান। দেবদত্ত পাড়িক্কলকে সঙ্গে করে দলকে এগিয়ে নিয়ে যান। ৩২ হলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। কোহলি ও পাড়িক্কলের জুটিতে ওঠে ৯৫। ৪২ বলে ৭০ রান করে আউট হন কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার ও ২টি ছক্কা।
কোহলি আউট হওয়ার পর বেঙ্গালুরুকে বড় রানের দিকে এগিয়ে দেন দেবদত্ত পাড়িক্কল। ২৭ বলে ৫০ রান করে তিনি আউট হন। মারেন ৪টি চার এবং ৩টি ছক্কা। ১৫ বলে ২৩ রান করে রান আউট হন টিম ডেভিড। অধিনায়ক রজত পতিদার ৩ বলে ১ রান করে আউট হন। জিতেশ শর্মা ১০ বলে অপরাজিত ২০ রান করে বেঙ্গালুরুকে ২০৫/৫ রানে পৌঁছে দেন। সন্দীপ শর্মা ৪৫ রানে ২ উইকেট নেন। জোফ্রা আর্চার ও হাসারাঙ্গা ১টি করে উইকেট পান।
বেঙ্গালুরুর বিশাল রানের জবাব দেওয়ার কাজটা ভালই শুরু করেছিলেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও। যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে ওঠে ৫২। ভাল শুরু করেও ১২ বলে ১৬ রান করে আউট হন বৈভব। রীতিমতো ঝড় তুলে ১৯ বলে ৪৯ রান করে ফিরে যান যশস্বী। মারেন ৭টি চার এবং ৩টি ছক্কা। এরপর রাজস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নীতীশ রানা (২২ বলে ২৮) ও রিয়ান পরাগ (১০ বলে ২২)। এই দুজনকে তুলে নিয়ে রাজস্থানকে চাপে ফেলে দেন ক্রূণাল পান্ডিয়া। ১৩৪ রানে ৪ উইকেট হারায় রাজস্থান।
এরপর রাজস্থানের ইনিংসে হাল ধরেন ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ের। ১১ রান করে আউট হন হেটমায়ের। শেষ ২ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল রাজস্থানের। ১৯তম ওভারে মাত্র ৫ রান দেন জশ হ্যাজেলউড। পরপর ২ বলে তুলে নেন ধ্রুব জুরেল (৩৪ বলে ৪৭) ও জোফ্রা আর্চারকে (০)। শেষ ওভারেও ২ উইকেট হারায় রাজস্থান। শএষ পর্যন্ত ২০ ওভারে ১৯৪/৯ রানে আটকে যায়। ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নেন হ্যাজেলউড। ৩১ রানে ২ উইকেট ক্রূণাল পান্ডিয়ার। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নয়ে তিন নম্বরে উঠে এল বেঙ্গালুরু। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রাজস্থান।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.