বাংলার রিচার হাত ধরে রেকর্ড রান, মহিলাদের এশিয়া কাপের আমীরশাহীকে ৭৮ রানে উড়িয়ে দিল ভারত
মহিলাদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিল ভারত। সংযুক্ত আরব আমীরশাহীকে উড়িয়ে দিল ৭৮ রানে।
ব্যাট হাতে ভয়ঙ্কর রিচা ঘোষ
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২১, ২০২৪
Share on:
মহিলাদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিল ভারত। সংযুক্ত আরব আমীরশাহীকে উড়িয়ে দিল ৭৮ রানে। ডাম্বুলার মাটিতে রীতিমতো তান্ডব চালানেন ভারতের বাঙালী উইকেটকিপার–কিপার ব্যাটার রিচা ঘোষ। ২৯ বলে অপরাজিত ৬৪ রান তিনি দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। যথারীতি ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রিচা ঘোষ। তাঁর হাত ধরেই টি২০ ক্রিকেটে রেকর্ড রান তুলল ভারত।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল সংযুক্ত আরব আমীরশাহী। দুর্দান্ত ফর্মে থাকা স্মৃতি মান্ধানা ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন। ৯ বলে ১৩ রান করে আউট হন স্মৃতি। পঞ্চম ওভারের শেষ বলে ফিরে যান শেফালী ভার্মা (১৮ বলে ৩৭)। পরের ওভারের প্রখম বলে আউট হন দ্যালান হেমলতা (২)। অধিনায়ক হরমনপ্রীত কাউরের সঙ্গে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান জেমাইমা রডরিগেজ। ১৩ বলে ১৪ রান করে আউট হন রডরিগেজ। এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন রিচা ঘোষ।
রডরিগেজ যখন আউট হন, ১১.৪ ওভারে ভারতের রান ১০৬/৪। হরমনপ্রীত কাউর ও রিচা ঘোষ জুটিতে ওঠে ৭৫ রান। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হন হরমনপ্রীত। ৪৭ বলে তিনি করেন ৬৬ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারত তোলে ২০১/৫। দুরন্ত ব্যাটিং করে ২৯ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ। মারেন ১২টি ৪ ও ১টি ৬। টি২০ ক্রিকেটে এটা ভারতের সর্বোচ্চ রান। আগে কখনও ২০০ রানের গন্ডি পার করতে পারেনি।
ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বিরুদ্ধে খুব বেশি আক্রমণাত্মক হওয়ার সুযোগ পাননি সংযুক্ত আরব আমীরশাহীর ব্যাটাররা। পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায়। থিরতা সতীশকে (৪) তুলে নিয়ে প্রথম আঘাত হানেন রেণুকা সিং। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ২০ ওভারে ১২৩/৭ রানের বেশি তুলতে পারেনি সংযুক্ত আরব আমীরশাহী। ওপেনার এশা রোহিত ৩৬ বলে করেন ৩৮। মিডল অর্ডারে একমাত্র লড়াই করেন কভিশা এগোদজে (৩২ বলে অপরাজিত ৪০)। দীপ্তি শর্মা ২৩ রানে ২ উইকেট নেন। রেণুকা সিং, তনুজা কানোয়ার, পুজা বস্ত্রকার, রাধা যাদব একটা করে উইকেট নেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.