দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও সাদা বলের ক্রিকেটে ভারতের দাপট অব্যাহত। একদিনের সিরিজ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। ২–১ ব্যবধানে সিরিজ জিতেছিল। টি২০ সিরিজের প্রথম ম্যাচেও প্রোটিয়াদের উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’রা। ১০১ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাটে ঝড় তুললেন হার্দিক পাণ্ডিয়া। বোলিংয়ে সকলেই দাপট দেখালেন। ভারতের ১৭৫/৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৭৪ রানে। এটাই প্রোটিয়াদের টি২০ ক্রিকেটে সর্বনিম্ন রান।
কটকের বারাবাটি স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। সকলেই তাকিয়ে ছিলেন শুভমান গিলের দিকে। চোট সারিয়ে ফিরে এসে নিজেকে মেলে ধরতে পারেন কিনা, সেটাই ছিল দেখার। বেশ কিছুদিন পর মাঠে ফিরে ব্যর্থ শুভমান (৪)। ক্রিজে স্থায়ী হলেন মাত্র ২ বল। লুঙ্গি এনগিডিকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করে পরের বলেই আউট। শুধু শুভমানই নন, এদিন ভারতের টপ অর্ডারই ব্যর্থ। চোট সারিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আর এক ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া জ্বলে না উঠলে লড়াই করার মতো জায়গায় হয়তো পৌঁছতে পারত না ভারত।
শুভমান ফিরে যাওয়ার পর তিন নম্বরে নেমেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনিও ১১ বলের বেশি ক্রিজে স্থায়ী হননি। তৃতীয় ওভারে সেই এনগিডির বলেই আউট সূর্য (১২)। দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মাও (১২ বলে ১৭) বড় রান পাননি। ৬.৩ ওভারে ৪৮ রানের মধ্যে প্রথম সারির তিন সেরা ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তিলক ভার্মা (৩২ বলে ২৬) ও অক্ষর প্যাটেল (২১ বলে ২৩) চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। যদিও রান তোলার গতি তেমন ভাল ছিল না।
১৭ ওভার শেষে ভারতের রান ছিল ১৩৭/৫। ১৮তম ওভারের প্রথম বলেই ফিরে যান শুভম দুবে (৯ বলে ১১)। শেষ তিন ওভারে রীতিমতো তাণ্ডব চালান হার্দিক পাণ্ডিয়া। তাঁর সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ১৭৫/৬ তোলে ভারত। ২৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক। মারেন ৬টি ৪ ও ৪টি ৬। ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ৩১ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ১৭৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ সিংয়ের বলে স্লিপে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন কুইন্টন ডিকক (০)। প্রাথমিক ধাক্কা সামলানোর আগে আবার অর্শদীপের আঘাত। তৃতীয় ওভারে তুলে নেন ট্রিস্টান স্টাবসকে (৯ বলে ১৪)। ষষ্ঠ ওভারে এইডেন মার্করামকে (১৪ বলে ১৪) ফেরান অক্ষর প্যাটেল। হার্দিক পাণ্ডিয়া আক্রমণে এসে প্রথম বলেই তুলে নেন ডেভিড মিলারকে (১)।
৬.১ ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১২.৩ ওভারে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এটাই টি২০ ক্রিকেটে প্রোটিয়াদের সর্বনিম্ন রান। সর্বোচ্চ রান করেন ডিওয়াল্ড ব্রেভিস (১৪ বলে ২২)। ভারতীয় দলের সব বোলারই এদিন দুরন্ত বোলিং করেন। ২ ওভার বোলিং করে ১৪ রানে ২ উইকেট নেন অর্শদীপ সিং। ৩ ওভারে ১৭ রানে ২ উইকেট যশপ্রীত বুমরার। এছাড়া দুই স্পিনার অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে ১টি করে উইকেট নিয়েছেন।