দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। ১৫ জনের দলে অবশ্য নতুন কোনও চমক নেই। দলে ফেরানো হয়েছে সদ্য চোট থেকে সেরে ওঠা শুভমান গিল ও হার্দিক পাণ্ডিয়াকে। শুভমান গিলকেই সহঅধিনায়ক করা হয়েছে। তবে তাঁর দলে থাকাটা নির্ভর করবে ফিটনেসের ওপর।
সামনের বছরই টি২০ বিশ্বকাপ। সেকথা মথায় রেখে এখন থেকেই দল দেখে নিতে চান নির্বাচকরা। দল মোটামুটি তৈরি। বিশ্বকাপের আগে মোট ১০টি টি২০ ম্যাচ পাবে ভাবে ভারত। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি। এই ১০টি ম্যাচে বিশ্বকাপের কম্বিনেশন তৈরি করে ফেলতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তাই নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়ে এখন আর পরীক্ষা–নিরীক্ষার রাস্তায় হাঁটতে চায় না টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত যে দলটি বেছে নিয়েছিল, সেই দলের অধথিকাংশ ক্রিকেটারকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দলে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে বিশ্রাম নেওয়ার পর টি২০ সিরিজে ফিরেছেন জোরে বোলার যশপ্রীত বুমরা। শুভমান গিল এবং হার্দিক পাণ্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আবার প্রত্যাবর্তন করছেন। শুভমানকেই সহঅধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিটনেসের ওপর তাঁর খেলা না খেলা নির্ভর করবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্ট চলাকালীন ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল। গুয়াহাটিতে শেষ টেস্ট খেলতে পারেননি। চলতি একদিনের একদিনের সিরিজ থেকেও ছিটকে যান। টি২০ সিরিজে শর্তসাপেক্ষে তাঁকে দলে ফেরানো হল। রিহ্যাবের জন্য সোমবার বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে পৌঁছেছেন শুভমান। একটা ব্যাটিং সেশন করেছেন। বৃহস্পতিবার ‘রিটার্ন টু প্লে’ ক্লিয়ারেন্স ম্যাচ খেলার কথা।
সেপ্টেম্বরে এশিয়া কাপে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। এতদিন মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে মাঠে ফিরেছেন। মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে বরোদার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেছেন। মাত্র ৪২ বলে ৭৭ রান করে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন। তাঁকেও দলে রেখেছেন নির্বাচকরা। মহম্মদ সিরাজের অবশ্য দলে জায়গা হয়নি। বুমরার পাশাপাশি, অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে জোরে বোলার হিসেবে বেছে নেওয়া হয়েছে। জোরে বোলিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সৈয়দ মুস্তাকে দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা সঙ্গে ওপেন করবেন শুভমান। মিডল অর্ডারে তিলক ভার্মা, শিবম দুবে এবং সূর্যকুমার যাদব। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দরকে তিন স্পিনার হিসেবে রাখা হয়েছে। সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মাকে উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন।
ঘোষিত ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুনঃ অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ খারিজ, ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখল ডিভিশন বেঞ্চ, খুশি মুখ্যমন্ত্রী
আরও পড়ুনঃ সিবিআই তদন্তের মতোই অশ্বডিম্ব প্রসব করবে এসআইআর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের সূচি
৯ ডিসেম্বর কটকে প্রথম ম্যাচ।
১১ ডিসেম্বর মুল্লানপুরে দ্বিতীয় ম্যাচ।
১৪ ডিসেম্বর ধর্মশালায় তৃতীয় ম্যাচ।
১৭ ডিসেম্বর লখনউতে চতুর্থ ম্যাচ। টি-টোয়েন্টি
১৯ ডিসেম্বর আহমেদাবাদে পঞ্চম ম্যাচ।