জবাব দিতে ব্যর্থ বোলাররা, বিপর্যস্ত ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই চালকের আসনে নিউজিল্যন্ড
বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে নিউজিল্যান্ড। ভারতের ৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৮০। ইতিমধ্যেই এগিয়ে গেছে ১৩৪ রানে। এখনও হাতে রয়েছে ৭ উইকেট।
দুরন্ত বোলিং করে ১৫ রানে ৫ উইকেট ম্যাট হেনরির।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৪
Share on:
বাংলাদেশের মতো দুর্বল দলকে সামনে বেয়ে দাপট দেখিয়েছিল। অপেক্ষাকৃত শক্তিশালী দলের সামনে পড়তেই বেকায়দায় ভারত। বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে নিউজিল্যান্ড। ভারতের ৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৮০। ইতিমধ্যেই এগিয়ে গেছে ১৩৪ রানে। এখনও হাতে রয়েছে ৭ উইকেট।
বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় দিন সকালে অবশ্য আকাশ পরিস্কার থাকায় নির্দিষ্ট সময়েই খেলা শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নিউজিল্যান্ডের জোরে বোলারদের চূড়া্ত ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় ভারতকে। সপ্তম ওভারে দুরন্ত ইনসুইংয়ে রোহিত শর্মার (২) স্টাম্প ছিটকে দেন টিম সাউদি। এক ওভার পরেই কোহলিকে (০) তুলে নেন উইলিয়াম ও’রোর্কে। এই নিয়ে ১৫ বার টেস্টে শূন্য রানে আউট হলেন। টেস্টে প্রত্যাবর্তন সুখের হল সরফরাজ খানের কাছে। কোনও না করে ম্যাট হেনরির বলে আউট হন তিনি। দুরন্ত ক্যাচ ধরেন ডেভন কনওয়ে। ১০ রানে ৩ উইকেট হারায় ভারত।
যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিলেন। ৩১ রানের মাথায় আউট হন যশস্বী (১৩)। আউট হন। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ফিরে যান লোকেশ রাহুল (০) ও রবীন্দ্র জাদেজা (০)। মধ্যাহ্নভোজের বিরতির পরও মিছিল অব্যাহত ভারতীয় ব্যাটারদের। পরপর পর ফিরে যান রবিচন্দ্র অশ্বিন (০), ঋষভ পন্থ (৪৯ বলে ২০), যশপ্রীত বুমরা (১), কুলদীপ যাদব (২)। শেষ পর্যন্ত ৪৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৫ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। ২২ রানে ৪ উইকেট উইলিয়াম ও’রোর্কের। ঘরের মাঠে টেস্টে এটাই ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল। ৫ জন শূন্য রানে আউট হন।
যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা অবশ্য নিউজিল্যান্ড ব্যাটারদের ওপর একেবারেই দাপট দেখাতে পারেননি। দারুণ শুরু করেছিলেন দুই কিউয়ি ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। ওপেনিং জুটিতে ওঠে ৬৭। লাথামকে (১৫) তুলে নিয়ে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন কুলদীপ যাদব। এরপর দারুণ জুটি গড়ে তোলেন কনওয়ে ও উইল ইয়ং। ১৪২ রানের মাথায়া রবীন্দ্র জাদেজার বলে আউট হন ইয়ং। সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন ডেভন কনওয়ে। অহেতুক ঝুঁকি নিয়ে অশ্বিনকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন। ১০৫ বলে ৯১ রান করেন কনওয়ে। এরপর আর কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। রাচিন রবীন্দ্র ২২ ও ড্যারিল মিচেল ১৪ রান করে অপরাজিত রয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.