আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামেও কি ব্যাটিং বিপর্যয় ঘটবে দক্ষিণ আফ্রিকার। আশায় ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাদের আশায় জল ঢেলে দিয়ে দ্বিতীয় টেস্টের শুরুটা খুব একটা খারাপ হয়নি প্রোটিয়াদের। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৪৭।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইডেনের বাইশ গজের দুঃস্বপ্ন এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। তাই বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচ কিউরেটরের কাছে বাইশ গজের জন্য সেভাবে আব্দার করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবুও লাল মাটির উইকেট পরের দিকে ভাঙতে পারে, এই আশঙ্কায় টস জিতে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা।
টস হারাটা ভারতীয় অধিনায়করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে শুভমান গিল, সূর্যকুমার যাদবদের একের পর এক ম্যাচে টসে হার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ছবিটা বদলায়নি। ইডেনে প্রথম টেস্টে টস হেরেছিলেন শুভমান। গুয়াহাটি টেস্টে তিনি খেলছেন না। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিতে নেমে টসে হার ঋষভ পন্থেরও। এই নিয়ে শেষ ৯টি টেস্টে ৮টিতেই টসে হার ভারতের।
আরও পড়ুনঃ দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ৫ বছর পর আবার চীনা নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল ভারত
টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অবশ্য ভালই শুরু করেছিল। ওপেনিং জুটিতে ৮২ তুলে ফেলেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগের মুহূর্তে জুটি ভাঙেন যশপ্রীত বুমরা। তুলে নেন মার্করামকে (৩৮)। বিরতির পরপরই রায়ান রিকেলটনকে (৩৫) তুলে নেন কুলদীপ যাদব। এরপর ট্রিস্টান স্টাবস ও তেম্বা বাভুমা দলকে ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। চা–পানের বিরতির পরপরই বাভুমাকে (৪১) ফেরান রবীন্দ্র জাদেজা। হাফ সেঞ্চুরির ঠিক আগে কুলদীপের স্পিনে পরাস্ত হয়ে স্লিপে ক্যাচ দেন স্টাবস (৪৯)।
স্টাবস আউট হওয়ার কিছুক্ষণ পরই উইয়ান মুলডারকে (১৩) ফেরান কুলদীপ যাদব। কুলদীপকে অহেতুক তুলে মারতে গিয়ে মিড অফে যশস্বীর হাতে ক্যাচ দেন মুলডার। পরপর ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৮০.২ ওভার পর দ্বিতীয় নতুন বল নেয় ভারত। দ্বিতীয় নতুন বলে পরের ওভারেই টনি ডি জর্জিকে (২৮) তুলে নেন মহম্মদ সিরাজ। কম আলোর জন্য খেলা বন্ধ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকা তোলে ২৪৭/৬। ক্রিজে রয়েছেন সেনুরান মুথুস্বামী ২৫ ও কাইল ভেরেইনে ১। ভারতের হয়ে ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।