ট্রেন্ডিং

Australia vs West Indies 3rd Test

১৫ বলে ৫ উইকেট!‌ ৭৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্ক, ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল ২৭ রানে!‌ মাত্র ১৪.‌৩ ওভারে!‌ ১ রানের জন্য বেঁচে গেল নিউজিল্যান্ডের লজ্জার রেকর্ড। তবে ১৫ বলে ৫ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক। ভেঙে দিলেন স্বদেশীয় আর্নি টোশ্যাকের ৭৮ বছরের পুরনো রেকর্ড।

ইতিহাসে মিচেল স্টার্ক। রেকর্ড গড়ার পর উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার এই জোরে বোলারের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৫
Share on:

কিংস্টনের স্যাবাইনা পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট দ্রুতই ভুলে যেতে চাইবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। একসময় বিশ্ব ক্রিকেটকে যারা শাসন করত, তাদের ওই হাল!‌ ১৫ ওভারও স্থায়ী হল না একটা ইনিংস!‌ হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল ২৭ রানে!‌ মাত্র ১৪.‌৩ ওভারে!‌ ১ রানের জন্য বেঁচে গেল নিউজিল্যান্ডের লজ্জার রেকর্ড। তবে ১৫ বলে ৫ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক। ভেঙে দিলেন স্বদেশীয় আর্নি টোশ্যাকের ৭৮ বছরের পুরনো রেকর্ড।

টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল। সেই রেকর্ড অক্ষত থাকলেও মিচেল স্টার্কের হাতে তৈরি হল অন্য রেকর্ড। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন স্টার্ক। একই সঙ্গে নিজের শততম টেস্টে ৪০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারেই তিন উইকেট তুলে নিয়েছিলেন স্টার্ক। এটাই একটা রেকর্ড। 


ইনিংসে স্টার্কের বোলিং বিশ্লেষণ ৭.‌৩ ওভার, ৪ মেডেন ৯ রানে ৬ উইকেট। টেস্টে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়তে স্টার্ক নিয়েছেন মাত্র ১৫ বল। আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার আর্নি টোশ্যাকের। ১৯৪৭ সালে ভারতের বিরুদ্ধে ১৯ বলে ৫ উইকেট তুলে নিয়েছিলেন টোশ্যাক। অর্থাৎ স্টার্কের হাতে ভেঙে গেল ৭৮ বছরের পুরনো রেকর্ড।

গোলাপি বলে দিনরাতের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ২২৫। জবাবে ১৪৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ১২১। জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৭৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান ব্যাটারদের মধ্যে একমাত্র জাস্টিন গ্রেভস (‌১১)‌ দু’‌অঙ্কের রানে পৌঁছন। ৭ জন ব্যাটার শূন্য রানে আউট হন। মিচেল স্টার্ক ছাড়াও দুরন্ত বোলিং করেন স্কট বোল্যান্ড। তিনি হ্যাটট্রিক করেন। ২ ওভারে ২ রানে ৩ উইকেট নেন বোল্যান্ড।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora