ট্রেন্ডিং

IPL 2025

‌অভিষেকে প্রথম বলেই উইকেট, অখ্যাত অশ্বিনীর সামনে ধসে গেল নাইট রাইডার্সের ব্যাটিং, প্রথম জয় মুম্বইয়ের

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত নাইট শিবির। অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা অখ্যাত অশ্বিনী কুমার। আইপিএলের অভিষেকে প্রথম বলেই উইকেট তুলে নিয়ে নজির গড়লেন।

দুরন্ত বোলিং। ২৪ রানে ৪ উইকেট নিয়ে আইপিএলের অভিষেকেই নজর কাড়লেন অশ্বিনী কুমার।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ০১, ২০২৫
Share on:

অখ্যাত এক তরুণ জোরে বোলারের কাছেই ধ্বসে গেল নাইট রাইডার্সের ব্যাটিং লাইন!‌ অশ্বিনী কুমারের দুরন্ত বোলিংয়ের সামনে বিধ্বস্ত কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের পর আবার হারের মুখে পড়তে হল অজিঙ্কা রাহানেদের। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত নাইট শিবির। অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা অখ্যাত অশ্বিনী কুমার। আইপিএলের অভিষেকে প্রথম বলেই উইকেট তুলে নিয়ে নজির গড়লেন।

টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারেই ধাক্কা খায় নাইট রাইডার্স। ইনিংসের চতুর্থ বলে সুনীল নারাইনের (‌০)‌ স্টাম্প ছিটকে দেন ট্রেন্ট বোল্ট। পরের ওভারে আবার ধাক্কা নাইট শিবিরে। ফর্মে থাকা কুইন্টন ডি’‌কককে (‌৩ বলে ১)‌ তুলে নেন দীপক চাহার। দ্বিতীয় ওভারের মধ্যে ২ উইকেট হারানোর পরও আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিলেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে (‌৭ বলে ১১)‌। চতুর্থ ওভারের প্রথম বলেই তাঁকে তুলে নেন অশ্বিনী কুমার। আইপিএলের প্রথম বলে উইকেট তুলে নিয়ে নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের এই জোরে বোলার। এক ওভার পরেই বেঙ্কটেশ আয়ারকে (‌৯ বলে ৩)‌ ফেরান দীপক চাহার।


পরপর উইকেট হারালেও ক্রিজে নেমে শুরু থেকেই ঝড় তুলে মুম্বই বোলারদের পাল্টা চাপে ফেলার চেষ্টা করছিলেন অঙ্গকৃষ রঘুবংশী (‌১৬ বলে ২৬)‌। সপ্তম ওভারে তাঁকে তুলে নেন হার্দিক পান্ডিয়া। ৪৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে নাইট রাইডার্স। বাধ্য হয়ে অঙ্গকৃষ রঘুবংশীর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় মণীশ পাণ্ডেকে। রিঙ্কু সিংয়ের (‌১৪ বলে ১৭)‌ সঙ্গে সামান্য প্রতিরোধ গড়ে তোলেন মণীশ (‌১৪ বলে ১৯)‌। দুজনকেই তুলে নিয়ে নাইটদের মেরুদম্ড ভেঙে দেন অশ্বিনী কুমার। রাসেলও দলকে নির্ভরতা দিতে পারেননি। ১১ বলে মাত্র ৫ রান করে অশ্বিনী কুমারের বলে বোল্ড হন। রামনদীপের (‌১২ বলে ২২)‌ সৌজন্যে শেষ পর্যন্ত ১১৬ রান (‌১৬.‌২ ওভারে)‌ তুলতে সমর্থ হয় নাইটরা। দুরন্ত বোলিং করে ৩ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন অশ্বিনী। আইপিএলের অভিষেকে এটাই কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং।

জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৬ রান তোলে মুম্বই। রোহিত শর্মা টানা তিন ম্যাচে ব্যর্থ। এদিন ১২ বলে ১৩ রান করে রাসেলের বলে আউট হন। তিন নম্বরে নামা উইল জ্যাকস ১৭ বলে ১৬ রান করে আউট হন। জ্যাকস যখন আউট হন, মু্ম্বই প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে। দারুণ ব্যাটিং করে দলকে জয়ের দিকে এগিয়ে দেন রায়ান রিকেলটন। শেষদিকে ক্রিজে নেমে ঝড় তোলেন সূর্যকুমার যাদব। ১২.‌৫ ওভারেই ২ উইকেট হারিয়ে ১২১ রান তুলে চলতি আইপিএলে প্রথম জয় তুলে নেয় মুম্বই। রায়ান রিকেলটন ৪১ বলে ৬২ ও সূর্যকুমার যাদব ৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora