২০২৬ টি২০ বিশ্বকাপের দল নিয়ে দু’মুখো নীতি ভারতীয় নির্বাচকদের। খারাপ ফর্মের জন্য টি২০ বিশ্বকাপ দলে জায়গা পেলেন না টেস্ট ও একদিনের ম্যাচের অধিনায়ক। অন্যদিকে, চূড়ান্ত খারাপ ফর্ম সত্ত্বেও নেতৃত্বে থেকে গেলেন টি২০ ক্রিকেটের অধিনায়ক। শুভমান গিলকে বাদ দিয়েই টি২০ বিশ্বকাপের দল বেছে নিলেন নির্বাচকরা। নেতৃত্বে সূর্যকুমার যাদবই। সহ–অধিনায়ক অক্ষর প্যাটেল। চমক দীর্ঘদিন পর ঈশান কিষাণের দলে ফেরা।
শনিবার মুম্বইয়ে দল নির্বাচনী বৈঠকে বলেছিল অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। দল নির্বাচনী বৈঠকে হাজির ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও। সেপ্টেম্বরে এশিয়া কাপে টি২০ দলে ফেরার পর থেকে টি২০ ফরম্যাটে রান নেই শুভমান গিলের ব্যাটে। তাঁকে নিয়ে বৈঠকে যে প্রশ্ন উঠবে, এটা জানাই ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়াটাও ইঙ্গিত দিয়েছিল, বিশ্বকাপ দলে জায়গা নাও পেতে পারেন। সেটাই ঘটল।
সাম্প্রতিক ফর্ম ও টিম কম্বিনেশনের জন্যই বিশ্বকাপ দলে শুভমানের যে জায়গা হয়নি, বিষয়টা পরিস্কার করে দিয়েছেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার। তিনি বলেন, ‘আমরা জানি শুভমান কতটা ভাল ক্রিকেটার। দুর্ভাগ্যবশত কম্বিনেশনের জন্য গত বিশ্বকাপেও ওকে দলে নেওয়া হয়নি। এবারও সেই কম্বিনেশনের জন্যই দলে জায়গা পেল না।’ টপ অর্ডারে একজন উইকেটকিপার নেওয়ার জন্যই শুভমানকে বলি দিতে হয়েছে বলে জানান আগরকার। তিনি বলেন, ‘কম্বিনেশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। টপ অর্ডারে একজন উইকেটকিপার চেয়েছিলাম। জিতেশ শর্মা ছিল। কিন্তু টপ অর্ডারে একজন উইকেটকিপার থাকা দরকার। তাই ঈশানকে নেওয়া হয়েছে। ঈশান ওপেনও করতে পারেন। আবার তিন নম্বরেও খেলতে পারেন।’
সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ থাকায় একদিকে যেমন জিতেশ শর্মাকে দলে নেওয়া হয়নি, তেমনই ঋষভ পন্থের কথাও ভাবা হয়নি। তবে লোয়ার–মিডল অর্ডারের শক্তি বাড়াতে রিঙ্কু সিংকে ফেরানো হয়েছে। খারাপ ফর্ম সত্ত্বেও সূর্যকুমারকে নেতৃত্বে রেখে দেওয়া হয়েছে। দলে স্বীকৃত ব্যাটার বলতে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিং। অররাউন্ডারের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। দুই জোরে বোলার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে।
যেহেতু ভারত ও শ্রীলঙ্কাতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তাই স্পিনারদের ওপর জোর দেওয়া হয়েছে। চারজন স্পিনারকে দলে রাখা হয়েছে। এদের মধ্যে দুই স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। দুই স্বীকৃত স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদ। তিনজন জোরে বোলার দলে রাখা হয়েছে, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। মহম্মদ সিরাজ, মহম্মদ সামিদের কথা বিবেচনা করা হয়নি।
বিশ্বকাপে ঘোষিত ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিষাণ এবং হর্ষিত রানা।