গতবছরের রানার্স পাঞ্জাবকে সত্যিই এবার অন্যরকম মনে হচ্ছে। শ্রেয়স আয়ারের নেতৃত্বে দলটাই যেন বদলে গেছে। প্রথম ম্যাচেই দুরন্ত জয়। দ্বিতীয় ম্যাচেও চিপকের দুর্ভেদ্য দূর্গ জয়। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট কররে চেন্নাই ২০ ওভারে তোলে ২০৯। ১৮.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। প্রিয়ংশ আর্য, প্রভসিমরন সিং, কুপার কনোলি থেকে শুরু করে অধিনায়ক শ্রেয়স আয়ারও দুর্দান্ত ইনিংস খেলেন। তবে চিপকে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন চেন্নাইয়ের আয়ূশ মাত্রে।
টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আয়ার। টি২০ বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসন এই ম্যাচেই ব্যর্থ। ৭ বলে মাত্র ৭ রান করে তিনি আউট হন। ২২ বলে ২৮ রান করে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাইকে বড় রানের দিকে এগিয়ে দেন তরুণ ব্যাটার আয়ূশ মাত্রে ও শিবম দুবে। ৪৩ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাত্রে। ২৯ বলে তিনি অর্ধশতকে পৌঁছন। এই ইনিংস খেলার পথে একটা রেকর্ডও গড়েছেন মাত্রে। চিপক স্টেডিয়ামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি করলেন। ১৮ বছর ২৬১ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে রেকর্ডটি ছিল সুরেশ রায়নার দখলে। তিনি ২১ বছর ১৪৮ দিন বয়সে হাফ সেঞ্চুরি করেছিলেন।
আয়ূশ ছাড়াও চেন্নাইয়ের বড় রানের পেছনে অবদান রয়েছে শিবম দুবে ও সরফরাজ খানের। শেষদিকে ঝড় তুলে ১২ বলে ৩২ রান করে আউন হন সরফরাজ খান। অন্যদিকে, ২৭ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে চেন্নাই। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন বিজয়কুমার বৈশাখ। অন্যদিকে জেভিয়ার বার্টলেট, মার্কো জানসেন এবং যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন।
সামনে বড় রানের টার্গেট। আক্রমণাত্মক শুরু করা ছাড়া কোনও রাস্তা ছিল না পাঞ্জাব কিংসের কাছে। ওপেনার প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য মাত্র ৪.২ ওভারে ৬১ রানের জুটি গড়েন। ১১ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন প্রিয়াংশ। প্রভসিমরান সিংও ৩৪ বলে ৪৩ রান করেন। এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি অব্যাহত রাখেন কুপার কনোলি ও অধিনায়ক শ্রেয়স আয়ার।
কুপার কনোলি ২২ বলে ৩৬ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক শ্রেয়স আয়ারও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫০ রান করেন। নেহাল ওয়াধেরা ৯ বলে ১০ রান করেন। এই দুই ব্যাটার যখন আউট হন জয় থেকে ২৪ রান দূরে পাঞ্জাব। এরপর দলকে জয় এনে দেন শশাঙ্ক সিং (৬ বলে অপরাজিত ১৪) ও মার্কাস স্টয়নিস (৩ বলে অপরাজিত ৯)। চেন্নাইয়ের হয়ে ম্যাট হেনরি ও অংশুল কম্বোজ ২টি করে উইকেট নেন।
পাঞ্জাব কিংসের এই জয় নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয়বার ২০০ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে ইল। প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করল। এর আগে, চেন্নাইয়ের ঘরের মাঠে কোনও দলই তাদের বিরুদ্ধে দু’বার ২০০ রান তাড়া করতে পারেনি।