হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করার পুরস্কার পেলেন ঋষভ পন্থ এবং শুভমান গিল। আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে ওপরে উঠে এসেছেন এই দুই ভারতীয় ব্যাটার। তবে হতাশাজনক বোলিং করে বোলারদের তালিকায় প্রথম দশের বাইরে চলে গেলেন রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিই এগিয়ে দিল শুভমান ও ঋষভকে।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৬, ২০২৫
Share on:
হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করার পুরস্কার পেলেন ঋষভ পন্থ এবং শুভমান গিল। আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে ওপরে উঠে এসেছেন এই দুই ভারতীয় ব্যাটার। তবে হতাশাজনক বোলিং করে বোলারদের তালিকায় প্রথম দশের বাইরে চলে গেলেন রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসেই সেঞ্চুরি করে একধাপ উঠে এসেছেন ঋষভ পন্থ। এই মুহূর্তে তিনি রয়েছেন সপ্তম স্থানে। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮০১। অন্যদিকে, ৫ ধাপ উঠে এসে ২০ নম্বরে জায়গা করে নিয়েছেন শুভমান গিল। তাঁর রেটিং পয়েন্ট ৬৬০। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়ালের জায়গার কোনও পরিবর্তন হয়নি। ৮৫১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন চতুর্থ স্থানে। এছাড়া প্রথম কুড়ির মধ্যে আর কোনও ভারতীয় নেই।
যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৯। রুটের পেছনেই রয়েছেন তাঁরই সতীর্থ হ্যারি ব্রুক। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৪। ৮৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৮২৪ রেটিং পয়েন্ট) রয়েছেন পঞ্চম স্থানে। দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮০৬। ৫ ধাপ উঠে এসে ইংল্যান্ডের বেন ডাকেট (৭৮৭ রেটিং পয়েন্ট) রয়েছেন অষ্টম স্থানে। এছাড়া অলি পোপ এবং জেমি স্মিথ র্যাঙ্কিংয়ে উন্নতি করে ১৯ ও ২৭তম স্থানে উঠে এসেছেন।
লিডস টেস্টে খারাপ পারফরমেন্সের বোলারের তালিকায় প্রথম ১০ থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। দশম স্থান থেকে ৩ ধাপ নেমে ১৩ নম্বরে এসেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর যশপ্রীত বুমরা শীর্ষ স্থান ধরে রেখেছেন। এরপর যথাক্রমে রয়েছেন কাগিসো রাবাডা, প্যাট কামিন্স, নোমান আলি এবং জশ হ্যাজেলউড। বোলারদের তালিকায় নেমে গেলেও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জাদেজা। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.