মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি, শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে মুম্বইকে খেলতে হবে প্লে–অফ
শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালেই সরাসরি ফাইনালে পৌঁছে যেত মুম্বই। আর দিল্লিকে খেলতে হত গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে প্লে–অফ। সরাসরি ফাইনালে খেলার সুযোগ কাজে লাগাতে পারলেন না হরমনপ্রীত কাউররা। লিগের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হল ১১ রানে।
শেষ ম্যাচ হেরে সরাসরি ফাইনাল খেলা হল না মুম্বই ইন্ডিয়ান্সের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ১২, ২০২৫
Share on:
মহিলাদের প্রিমিয়ার লিগে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবে তা নিয়ে লড়াই ছিল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। দুই দলই অবশ্য আগেই প্লে–অফের ছাড়পত্র জোগাড় করে নিয়েছিল। লিগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালেই সরাসরি ফাইনালে পৌঁছে যেত মুম্বই। আর দিল্লিকে খেলতে হত গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে প্লে–অফ। সরাসরি ফাইনালে খেলার সুযোগ কাজে লাগাতে পারলেন না হরমনপ্রীত কাউররা। লিগের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হল ১১ রানে। বেঙ্গালুরুর কাছে হেরে গুজরাটের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে খেলতে হবে মুম্বইকে। অন্যদিকে, সরাসরি ফাইনালে উঠে গেল দিল্লি।
প্লে–অফের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগের শেষ ম্যাচ স্মৃতি মান্ধানাদের কাছে ছিল সম্মানরক্ষার। আর সম্মানের ম্যাচে দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিলেন স্মৃতি। ব্যাট হাতেও দারুণ সফল। সাবিনেনি মেঘনাকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ঝড় তুলেছিলেন স্মৃতি। ৩.৩ ওভারেই বেঙ্গালুরু পৌঁছে যায় ৪১ রানে। ১৩ বলে ২৬ রান করে আউট হন মেঘনা। স্মৃতি অবশ্য দলকে ১০০ রানে পৌঁছে দিয়ে সাজঘরে ফেরেন। ৩৭ বলে তিনি করেন ৫৩। মারেন ৬টি ৪ ও ৩টি ৬।
ক্রিজে নেমে এদিনও ব্যাটে ঝড় রিচা ঘোছের। ২২ বলে ৩৬ রান করে তিনি আউট হন। এলিসে পেরি অবশ্য সতর্কভাবে দলকে এগিয়ে নিয়ে যান। শেষদিকে ঝড় তুলে বেঙ্গালুরুকে ১৯৯/৩ রানে পৌঁছে দেন জর্জিয়া ওয়ারহাম। ১০ বলে ৩১ রান করে তিনি অপরাজিত থাকেন। অন্যদিকে, এলিসে পেরি ৩৮ বলে করেন অপরাজিত ৪৯। মুম্বইয়ের হয়ে হেইলি ম্যাথুজ ৩৭ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ২০০ রানের বিশাল রান তাড়া করার জন্য শুরুটা ভাল হওয়া জরুরি ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। কিন্তু ওপেনিং জুটিতে বড় রান আসেনি। দলীয় ২৭ রানের মাথায় আউট হন হেইলি ম্যাথুজ (১৬ বলে ১৯)। এরপরই ফিরে যান অ্যামেলিয়া কের (১০ বলে ৯)। ন্যাট সিভার–ব্রান্ট ও অধিনায়ক হরমনপ্রীত কাউর দলকে এগিয়ে নিয়ে যান। ১৮ বলে ২০ রান করে আউট হন হরমনপ্রীত। ৩৫ বলে ৬৯ রান করেন সিভার–ব্রান্ট। এই দুই ব্যাটার ফিরে যাওয়ার পর মুম্বইও জয়ের রাস্তা থেকে অনেকটাই দূরে সরে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৮৮। ১২ বলে ২৩ রান করেন সজীবন সজনা। দুরন্ত বোলিং করে ২৬ রানে ৩ উইকেট নেন স্নেহ রানা। ২টি করে উইকেট নেন কিম গার্থ ও এলিসে পেরি।
৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আগেই দিল্লি ক্যাপিটালস প্লে–অফের ছাড়পত্র পেয়ে গিয়েছিল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বইও প্লে–অফে পৌঁছে গিয়েছিল। শেষ ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে খেলতে পারত। সেটা হল না। তৃতীয় দল হিসেবে প্লে–অফে উঠে এসেছে গুজরাট জায়ান্টস। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৮। বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে গুজরাটের বিরুদ্ধে খেলবে মুম্বই।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.