বুমরাদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকা তুলে ফেলল ৪৮৯, ঋষভের ভুল নেতৃত্বে গুয়াহাটি টেস্টে প্রবল চাপে ভারত
গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনেই ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা। নীচের সারির ব্যাটারদের দাপটে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলল ৪৮৯। সেনুরান মুথুস্বামীর ১০৯ এবং মার্কো জানসেনের ৯৩ রানের ইনিংস চাপে ফেলে দিল ভারতকে।
সেঞ্চুরির পর মুথুস্বামীর উচ্ছ্বাস।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৫
Share on:
গতবছর নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। আবার কি ঘরের মাঠে তেমনই লজ্জায় পড়তে হবে ভারতকে? দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজে ভারত হোয়াইটওয়াশ হবে কিনা, তা সময়ই বলবে। তবে গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনেই ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা। নীচের সারির ব্যাটারদের দাপটে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলল ৪৮৯। সেনুরান মুথুস্বামীর ১০৯ এবং মার্কো জানসেনের ৯৩ রানের ইনিংস চাপে ফেলে দিল ভারতকে।
প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৬ উইকেটে ২৪৭। ক্রিজে ছিলেন মুথুস্বামী (২৫) ও ভেরেইনে (১)। আশা করা গিয়েছিল সকালের পরিবেশ কাজে লাগিয়ে দ্রুত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লেজ ছেঁটে দেবে ভারত। কিন্তু দুরন্ত ব্যাটিং করলেন দক্ষিণ আফ্রিকার টেল এন্ডাররা। এদিন বাকি ৪ উইকেট নিয়ে প্রোটিয়া তুলল ২৪২ রান। শেষ ৩ উইকেটে ১৫৫। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় বংশোদ্ভূত সেনুরান মুথুস্বামী খেললেন ১০৯ রানের দায়িত্বশীল ইনিংস। জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি। ২০৬ বলের ইনিংসে রয়েছে ১০টি ৪ ও ২টি ছক্কা। মুথুস্বামীর সেঞ্চুরিই দক্ষিণ আফ্রিকাকে বড় রানের দিকে এগিয়ে দেয়।
মুথুস্বামীকে দারুণ সঙ্গ দেন কাইল ভেরেইনে (৪৫) ও মার্কো জানসেন। মাত্র ৭ রানের জন্য জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করেন জানসেন। ৯৩ রান করে তিনি কুলদীপ যাদবের বলে আউট হন। ৯১ বলের তাঁর আক্রমণাত্মক ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৭টি ছয়। সাইমন হারমার ৫ রান করে আউট হন। কেশব মহারাজ ১২ রান করে অপরাজিত থাকেন। ১১৫ রানে ৪ উইকেট নেন কুলদীপ, ২টি করে উইকেট নিয়েছেন বুমরা, জাদেজা ও সিরাজ। দিনের শেষে ৬.১ ওভার ব্যাটিং করে ৯ রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৭), লোকেশ রাহুল (২)।
টেস্টের যা পরিস্থিতি ভারতের পক্ষে জেতা খুবই কঠিন। বড় জোর ম্যাচ ড্র রাখতে পারে। তবে আবার হারের মুখ দেখাটাও স্বাভাবিক নয়। ভারতকে এই পরিস্থিতে ঠেলে দিয়েছে বোলারদের ব্যর্থতা ও ঋষভ পন্থের দুর্বল নেতৃত্ব। বোলাররা সকালের পরিবেশের সুবিধা কাজে লাগাতে পারেননি। বুমরা, সিরাজদের মধ্যে সেই আগ্রাসী বোলিং দেখা যায়নি। অধিনায়ক ঋষভ পন্থেরও ফিল্ডিং সাজানোয় গলদ ছিল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.