ট্রেন্ডিং

IPL 2025

কামাল মিচেল স্টার্কের, নাটকীয় ম্যাচে সুপার ওভারে জয়, আবার শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস

সুপার ওভারে গিয়ে বাজিমাত দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে সুপার ওভারে হারিয়ে আবার জয়ের সরণিতে দিল্লি। উঠে এল লিগ টেবিলের শীর্ষে। সুপার ওভারেও ভাল বোলিং করে ম্যাচের সেরা মিচেল স্টার্ক।

দুরন্ত বোলিং। দলকে জেতানোর পর মিচেল স্টার্ক।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫
Share on:

জয়ের জন্য ১৮৯ রান তাড়া করতে নেমে শেষ ওভারে রাজস্থান রয়্যালসের দরকার ছিল ৯ রান। একেবারেই কঠিন লক্ষ্য ছিল না। মিচেল স্টার্কের শেষ ওভারে ওছে মাত্র ৮। ম্যাচ সুপার ওভারে। আর সুপার ওভারে গিয়ে বাজিমাত দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে সুপার ওভারে হারিয়ে আবার জয়ের সরণিতে দিল্লি। উঠে এল লিগ টেবিলের শীর্ষে। সুপার ওভারেও ভাল বোলিং করে ম্যাচের সেরা মিচেল স্টার্ক।

টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান। ভাল শুরু করেও ৩৪ রানের মধ্যে জেক ফ্রেজার–ম্যাকগার্ক (‌৬ বলে ৯)‌ ও আগের ম্যাচে দুরন্ত ব্যাটিং করা করুণ (‌৩ বলে ০)‌ হারায় দিল্লি। প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান অভিষেক পোড়েল। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি পেলেন না অভিষেক (‌৩৭ বলে ৪৯)‌। লোকেশ রাহুল (‌৩২ বলে ৩৮)‌, অক্ষর প্যাটেল (‌১৪ বলে ৩৪)‌, ট্রিস্টান স্টাবস (‌১৮ বলে অপরাজিত ৩৪)‌, আশুতোষ শর্মাদের (‌১১ বলে ১৫)‌ সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান তোলে দিল্লি। জোফ্রা আর্চার ৩২ রানে ২ উইকেট নেন।

ব্যাট করতে ভাল শুরু করেছিলেন সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। ১৯ বলে ৩১ রান করে রিটায়ার্ট হার্ট হয়ে ফেরেন সঞ্জু। রিয়ান পরাগ (‌১১ বলে ৮)‌ রান পাননি। ৩৭ বলে ৫১ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। এরপর রাজস্থানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নীতীশ রানা (‌২৮ বলে ৫১)‌ ও ধ্রুব জুরেল। শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। মিচেল স্টার্কের প্রথম ৪ বলে ওঠে ৬ রান। পঞ্চম বলে ১ রান নেন হেটমায়ের (‌৯ বলে অপরাজিত ১৫)‌। শেষ বলে দরকার ছিল ২। ডিপ মিড উইকেটে বল ঠেলে ২ রান নিতে গিয়েছিলেন ধ্রুব জুরেল। অক্ষর প্যাটেল দ্রুত বল তুলে ছুড়ে দেন উইকেটকিপার লোকেশ রাহুলকে। জুরেল (‌১৭ বলে ২৬)‌ ক্রিজে পৌঁছনোর আগেই তিনি স্টাম্প ভেঙে দেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান তোলে রাজস্থান। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।


সুপার ওভারে দিল্লির হয়ে বোলিং করেন মিচেল স্টার্ক। হেটমায়ের ও রিয়ান পরাগের উইকেট হারিয়ে ৫ বলে ১১ রান তোলে রাজস্থান। সন্দীপ শর্মার ওভারে ৪ বলে ১৩ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। রাজস্থানের বিরুদ্ধে সুপার ওভারে জয়ের পলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল দিল্লি। ৬ ম্যাচে ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা গুজরাট টাইটানসের পয়েন্ট ৬ ম্যাচে ৮। রাজস্থান রয়্যালস ৭ ম্যাচে ৪ পয়েন্টে সাত নম্বরে আছে।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora