চলতি আইপিএলে প্রথম উইকেট বুমরার, জীবনের প্রথম সেঞ্চুরি তিলক ভার্মার, মু্ম্বইয়ের কাছে বিধ্বস্ত গুজরাট
মুম্বইয়ের ইনিংস শেষ হতে তখন ২ বল বাকি। ৯১ রানে ক্রিজে তিলক ভার্মা। অর্থাৎ সেঞ্চুরিতে পৌঁছতে গেলে ২ বলে করতে হবে ৯ রান। প্রসিদ্ধ কৃষ্ণর ওভারের পঞ্চম বল উড়িয়ে দিলেন ডিপ ফাইন লেগের ওপর দিয়ে। দরকার আরও ৩ রান। শর্ট বলে পুল করে বাউন্ডারি। অবশেষে ছন্দে ফিরলেন। আইপিএলে তুলে নিলেন প্রথম সেঞ্চুরি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে গুজরাট টাইটান্সকে বিদ্বস্ত করল মুম্বই ইন্ডিয়ান্স।
সেঞ্চুরির পর তিলক ভার্মা।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬
Share on:
মুম্বইয়ের ইনিংস শেষ হতে তখন ২ বল বাকি। ৯১ রানে ক্রিজে তিলক ভার্মা। অর্থাৎ সেঞ্চুরিতে পৌঁছতে গেলে ২ বলে করতে হবে ৯ রান। প্রসিদ্ধ কৃষ্ণর ওভারের পঞ্চম বল উড়িয়ে দিলেন ডিপ ফাইন লেগের ওপর দিয়ে। দরকার আরও ৩ রান। শর্ট বলে পুল করে বাউন্ডারি। অবশেষে ছন্দে ফিরলেন। আইপিএলে তুলে নিলেন প্রথম সেঞ্চুরি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে গুজরাট টাইটান্সকে বিদ্বস্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জয় ৯৯ রানে।
চোটের জন্য এদিনও বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। তাঁর জায়গায় ওপেন করতে নামেন তরুণ দানিশ মালেওয়ার। তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ২ রান করে আউট হন। ব্যর্থ অন্য ওপেনার কুইন্টন ডিককও (১৩)। পাওয়ার প্লে–র মধ্যে সূর্যকুমার যাদব (১০ বলে ১৫) ফিরে যাওয়ার পর মুম্বইয়ের ওপর চাপ আরও বাড়ে। এরপর নমন ধীর ও তিলক ভার্মা জুটি মুম্বইকে এগিয়ে নিয়ে যায়।
৩২ বলে ৪৫ রান করে আউট হন নমন ধীর। অন্যপ্রান্তে রীতিমতো ঝড় তোলেন তিলক ভার্মা। হার্দিক পান্ডিয়াও (১৬ বলে ১৫) সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১৯৯/৫ রানে পৌঁছে দেন তিলক ভার্মা। ৪৫ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিলক। তাঁর ইনিংসে ছিল ৮টি ৪ ও ৭টি ৬। গুজরাটের হয়ে কাগিসো রাবাডা ৩৩ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই সাই সুদর্শনের (০) উইকেট হারায় গুজরাট। তাঁকে ফেরান যশপ্রীত বুমরা। চলতি আইপিএলে এটাই প্রথম উইকেট বুমরার। পরের ওভারেই জস বাটলারকে (৫) হার্দিক তুলে নেওয়ায় বিপর্যয় আরও বাড়ে। এরপর শুভমান গিলকে (১৩ বলে ১৪) ফেরান অশ্বনি কুমার। ৯ ওভারের মধ্যে ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে গুজরাট। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় গুজরাটের ইনিংস। সর্বোচ্চ রান ওয়াশিংটন সুন্দরের ১৭ বলে ২৬। দুরন্ত বোলিং করে ২৪ রানে ৪ উইকেট নেন অশ্বনি কুমার।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.