ট্রেন্ডিং

ISL 2024

‌‌এবারও জয় অধরা, বেঙ্গালুরু এফসি–র কাছে হার দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

গতবছর জামশেদপুর এফসি–র বিরুদ্ধে ড্র দিয়ে আইএসএল অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। এবছর প্রথম ম্যাচেই হার। বেঙ্গারুরু এফসি–র বিরুদ্ধে হার দিয়ে আইএসএল অভিযান শুরু করল লালহলুদ ব্রিগেড।

এভাবেই ইউস্তেরা বারবার পরাজিত হলেন মেন্ডেজদের কাছে। ছবি:‌ আইএসএল

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৪
Share on:

গতবছর জামশেদপুর এফসি–র বিরুদ্ধে ড্র দিয়ে আইএসএল অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। এবছর প্রথম ম্যাচেই হার। বেঙ্গারুরু এফসি–র বিরুদ্ধে হার দিয়ে আইএসএল অভিযান শুরু করল লালহলুদ ব্রিগেড। সুনীল ছেত্রীদের জয় ১–০ ব্যবধানে। বেঙ্গালুরুর হয়ে জয়সূচক গোলটি করেন বিনীত ভেঙ্কটেশ। সবথেকে কমবয়সী হিসেবে আইএসএলে গোল করার নজির গড়লেন বেঙ্গালুরুর এই তরুণ ফুটবলার। 

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল বেঙ্গালুরু এফসি–র। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ব্যতিব্যস্ত রাখছিল ইস্টবেঙ্গল রক্ষণকে। বেঙ্গালুরুর আক্রমণ সামলাতে ৮ মিনিটের মধ্যে দু’‌দুটি হলুদ কার্ড দেখে ফেলেন লালহলুদ ফুটবলাররা। যদিও গোলের প্রথম সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। ১২ মিনিটে খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিয়েছিলেন জিকসন সিং। ততোধিক দক্ষতায় বাঁদিকে ঝাঁপিয়ে নিশ্চিত গোল বাঁচান বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং।


এরপর শুধুই বেঙ্গালুরুর আক্রমণ। পেড্রো, বিনিথ, মেন্ডেজদের আটকাতে হিমসিম খাচ্ছিলেন হিজাজি, ইউস্তেরা। ১৭ মিনিটে নন্দকুমারের ভুলে সুবিধাজনক জায়গায় বল পেয়ে গিয়েছিলেন মেন্ডেজ। কিন্তু তিনকাঠিতে রাখতে পারেননি। অবশেষে ২৫ মিনিটে কাঙ্খিত গোল তুলে নেয় বেঙ্গালুরু এফসি। ইস্টবেঙ্গল বক্সের মাথায় বল পেয়েছিলেন মেন্ডেজ। তিনি ডানদিকে বাড়ান পেছন থেকে উঠে আসা বিনিথকে লক্ষ্য করে। বল ধরে কোনাকুনি শটে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন বিনিথ। ৩৩ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন শৌভিক চক্রবর্তী।

দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল বেঙ্গালুরু এফসি–র। তার মাঝেই ৫১ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল নন্দকুমারের সামনে। আবার বাধা হয়ে দাঁড়ান বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত। ৬৮ মিনিটে সুবিধাজনক জায়গায় বল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন জিকসন। পরের মিনিটেই ইস্টবেঙ্গলের জালে বল ঢুকিয়েছিলেন দিয়াজ। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। শেষদিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৮৫ মিনিটে দিনের সবথেকে সহজ সুযোগ নষ্ট করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ক্লেইটন সিলভা। ২ মিনিট পরেই আরও একটা ধাক্কা খায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে লালকার্ড দেখে মাঠ ছাড়েন লালচুংনুঙ্গা। ১০ জন হয়ে যাওয়ায় আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। এবারও আইএসএল অভিযানে হার দিয়ে শুরু করল লালহলুদ।  

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora