গত মরশুমে স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। একের পর এক বিদেশি স্ট্রাইকার নিয়ে এসেও সুরাহা হয়নি। এবছর নিজের পছন্দের মতো দল গড়েছেন কোচ অস্কার ব্রুজো। নিয়ে এসেছেন নিজের পছন্দের স্ট্রাইকার। মাত্র ১০ দিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইউসুফ ইজেজারি। লাল–হলুদ জার্সি গায়ে প্রথম ম্যাচেই চমক। জোড়া গোল করে দলকে শুধু জেতালেনই না, সমর্থকদের স্বপ্নের জাল বোনারও সুযোগ করে দিলেন।
প্রথম ম্যাচেই নর্থইস্ট ইউনাইটেডকে ৩–০ ব্যবধানে হারিয়ে আইএসএলে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। এই প্রথমবারের জন্য আইএসএলে প্রথম ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। জোড়া গোলে নায়ক ইউসেফ ইজেজারি। অন্য গোলটি মিগেল ফিগেরার। আইএসএলের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল গ্যালারিকে মাতিয়ে দিলেন ইজেজারি। শুধু ইজেজারিই নয়, দুরন্ত ফুটবল খেললেন রশিদ, সল, মিগেল, বিপিনরা।
ইস্টবেঙ্গলের মহিলা দল চলতি মরশুমে দারুণ সাফল্য পেয়েছে। বুধবার যুবভারতীতে মহিলা দলের সাফল্যকে তুলে ধরে টিফো নিয়ে এসেছিল দর্শকরা। টিফোতে মহিলা দলের সাফল্যর কথা দেখে হয়তো লজ্জায় পড়ে গিয়েছিলেন পুরুষ ফুটবলাররা। না হলে এত বাড়তি তাগিদ আসবে কোথা থেকে? আইএসএলের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দাপিয়ে খেললেন বিপিন, নন্দকুমাররা।
এদিন নতুন বিদেশি ইউসেফ ইজেজারিকে একা সামনে রেখে ৪–৫–১ ছকে দল সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। কেভিন সিবিলে না থাকায় স্টপারে আনোয়ারের সঙ্গে জিকসন। দুই সাইডব্যাক লালচুংনুঙ্গা ও জয় গুপ্তা। মাঝমাঠে তিন বিদেশি মহম্মদ রশিদ, সল ক্রেসপো ও মিগেল ফেরেরা। দু’প্রান্তে নন্দকুমার ও বিপিন। প্রথম ১০ মিনিটে মুহুর্মুহু আক্রমণে নর্থইস্ট রক্ষণের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন মিগেল, ইউসেফরা। প্রথম কয়েকটি টাচেই ইউসেফ নিজের জাত চিনিয়েছেন। প্রথমার্ধে নিরঙ্কুশ প্রাধান্য রেখেও গোল খুলতে পারেনি ইস্টবেঙ্গল। আলাদিন আজারি না থাকায় নর্থইস্টও কামড় দিতে পারছিল না।
বিরতিতে অস্কার ব্রুজোর টোটকাতেই দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে গেল ইস্টবেঙ্গল। ৬৪ মিনিটে ডেডলক ভাঙলেন নবাগত ইউসেফ। বিপিন সিংয়ের সেন্টার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন। ৬ মিনিটের ব্যবধানেই দ্বিতীয় গোল। এডমুন্ডের সেন্টার থেকে এবারও সেই হেডে গোল। এরপর একের পর এক সুযোগ তৈরি হল। সুযোগ নষ্ট করলেন এডমুন্ড, বিপিনরা। অবশেষে ম্যাচের ইনজুরি সময়ে বিপিনের পরিবর্ত হিসেবে মাঠে নামা বিষ্ণুর লম্বা পাস ধরে কোনাকুনি শটে ৩–০ করেন মিগেল। আইএসএলে এই প্রথমবার জয় দিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।