২ গোলে এগিয়ে গিয়েও ইউরোপা লিগে পোর্তোর বিরুদ্ধে হার বাঁচাল ম্যান ইউ, রোমাঞ্চকর ম্যাচ ৩–৩
ইউরোপা লিগেও প্রথম ম্যাচে জয় আসেনি। দ্বিতীয় ম্যাচেও আটকে গেল পোর্তোর কাছে। ২০ মিনিটের মধ্যে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েও একেবারে শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড।
এগিয়ে গিয়েও জয় অধরা থেকে গেল ম্যানচেস্টারের কাছে।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ০৪, ২০২৪
Share on:
সময়টা খুব একটা ভাল যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ৬ ম্যাচে মাত্র দুটিতে জয় এসেছে। ইউরোপা লিগেও প্রথম ম্যাচে জয় আসেনি। দ্বিতীয় ম্যাচেও আটকে গেল পোর্তোর কাছে। ২০ মিনিটের মধ্যে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েও একেবারে শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর এই ম্যাচের ফল ৩–৩। ৮১ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজ লালকার্ড দেখায় শেষ ৯ মিনিট ১০ জনে খেলতে হয় ম্যানচেস্টারকে।
আগের ম্যাচে ড্র করায় পোর্তোর বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচ হলেও শুরু থেকেই পোর্তোর ওপর ঝাঁপিয়ে পড়েন এরিক টেন হ্যাগের ছেলেরা। ম্যাচের ৭ মিনিটেই মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ২০ মিনিটে ম্যানচেস্টারের হয়ে ব্যবধান বাড়ান রাসমুস হয়লুন্ড। এরপরও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি রাশফোর্ডরা। ঘরের মাঠে ২০ মিনিটের মধ্যেই ২ গোলে পিছিয়ে পড়াটা যেন আত্মসম্মমানে আঘাত করেছিল পোর্তোর ফুটবলারদের। গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন। ২৭ মিনিটে পেপে ব্যবধান কমান। মিনিট সাতেক পরই সামু ওমোরোদিওন সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝড় তুলেছিল পোর্তো। ম্যাচের ৫০ মিনিটে পোর্তোকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন ওমোরোদিওন। এবার সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার। ক্যাসিমিরো, ব্রুনো ফার্নান্ডেজ, রাশফোর্ডরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিলেন না। ৮১ মিনিটে বড় অঘটন ঘটে যায় ম্যানচেষ্টারের। লালকার্ড দেখে মাঠ ছাড়েন ব্রুনো ফার্নান্ডেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচেও লালকার্ড দেখেছিলেন ম্যান ইউয়ের এই মিডফিল্ডার। ম্যানচেস্টার যখন নিশ্চিত হারের দিকে এগোচ্ছিল, সেই সময়ই জ্বলে ওঠেন পরিবর্ত হিসেবে মাঠে নামা হ্যারি ম্যাগুয়ের। ইনজুরি সময়ে এরিকসনের কর্নার থেকে হেডে গোল করে দলকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেন।
ইউরোপা লিগে প্রথম দুই ম্যাচে জয়ের মতো পরিস্থিতি তৈরি করেও পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। ২ ম্যাচে ২ পয়এন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে ২১ নম্বরে রয়েছে টেন হ্যাগের দল। ইংলিশ প্রিমিয়ার লিগেও ভাল অবস্থায় নেয়। প্রথম ৬ ম্যাচে মাত্র দুটিতে জিতে ১৩ নম্বরে নেমে গেছে। সবথেকে বড় কথা, ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ বার তিনটি করে গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরও সমর্থকদের সাফল্যের প্রতিশ্রুতি দিচ্ছেন টেন হ্যাগ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.