দলবদলে চমক ইস্টবেঙ্গলের, ২ বছরের চুক্তিতে তুলে নিল দিয়ামানতাকোসকে
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ২ বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দিমিয়ত্রস দিয়ামানতাকোস। শুক্রবারই তাঁর সঙ্গে চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলে চুক্তি চূড়ান্ত দিয়ামানতাকোসের
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ১৪, ২০২৪
Share on:
আগামী মরশুমে শক্তিশালী দল গড়ার দিকে আরও একধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। সল ক্রেসপোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পর এবার তুলে নিল গ্রিসের স্ট্রাইকার দিমিয়ত্রস দিয়ামানতাকোসকে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ২ বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শুক্রবারই তাঁর সঙ্গে চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।
দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে পাওয়ার জন্য অল আউট ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসি ছাড়াও ভারতের আরও কয়েকটা দল তাঁকে পেতে মরিয়া ছিল। শেষ পর্যন্ত অন্যদের টেক্কা দিয়ে গ্রিসের এই স্ট্রাইকারকে তুলে নিল লাল–হলুদ। গত দুটি আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে দারুণ নজর কেড়েছিলেন দিয়ামানতাকোস। দুই মরশুম মিলিয়ে করেছেন ২৮ গোল। গত মরশুমে করেছেন ১৩ গোল। এবছর আইএসএলের দিকে চোট পেয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই ইস্টবেঙ্গল চুক্তিপত্রে সই করিয়েছে।
দিয়ামানতোসকে পেয়ে খুশি লাল–হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেছেন, ‘দিমিত্রিয়স দিয়ামানতাকোস দুর্দান্ত ফুটবলার। ওর অন্তর্ভুক্তি দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে। দিয়ামানতাকোসের কাছে আরও কয়েকটা ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু আমাদের প্রস্তাব ওর কাছে পছন্দ হয়েছে। তাই ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
লাল–হলুদে যোগ দিয়ে খুশি দিমিত্রিয়স দিয়ামানতাকোস। তিনি বলেছেন, ‘সমর্থকদের বিচারে ইস্টবেঙ্গল এশিয়ার অন্যতম সেরা ক্লাব। আমি লাল–হলুদ সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে পারব।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.