ট্রেন্ডিং

CFL Premier 2026

পাঠচক্রকে ৪ গোলে উড়িয়ে লিগ অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট

দুর্দান্তভাবেই লিগ অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচেই পাঠচক্রকে উড়িয়ে দিল ৪–০ ব্যবধানে। সবুজমেরুন জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল পেলেন ইস্টবেঙ্গল ছেড়ে আসা সায়ন ব্যানার্জি। মোহনবাগানের হয়ে বাকি তিনটি গোল করেন কিয়ান নাসিরি, সুহেল ভাট ও বিভান জ্যোতি লস্কর।

বল নিয়ে এগোচ্ছেন সুহেল ভাট।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬
Share on:

দুর্দান্তভাবেই লিগ অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচেই পাঠচক্রকে উড়িয়ে দিল ৪–০ ব্যবধানে। সবুজমেরুন জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল পেলেন ইস্টবেঙ্গল ছেড়ে আসা সায়ন ব্যানার্জি। মোহনবাগানের হয়ে বাকি তিনটি গোল করেন কিয়ান নাসিরি, সুহেল ভাট ও বিভান জ্যোতি লস্কর।

দলে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার। তাসত্ত্বেও এদিন পাঠচক্রের বিরুদ্ধে প্রথমার্ধে সেভাবে জ্বলে উঠতে পারেনি মোহনবাগান। মরশুমের প্রথম ম্যাচ বলে বাস্তব রায়ের ফুটবলারদের মধ্যে জড়তা ছিল। তবুও শুরু থেকে মোহনবাগানেরই দাপট। যদিও ৯ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল পাঠচক্রের সামনে। মোহনবাগান গোলকিপার জাহিদের ভুলে বল পেয়ে যান পাঠচক্রের সৌভিক অধিকারী। একজনকে কাটিয়ে গোল লক্ষ্য করে শট নেন। কোনও রকমে বাঁচান বাগান গোলকিপার। ১৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। রবিলাল মান্ডির দুরন্ত থ্রু পাস পেয়ে যান কিয়ান নাসিরি। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে সামনে শুধু পাঠচক্র গোলকিপারকে পেয়েও বল তাঁর গায়ে মারেন। অবেশেষে ২২ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের বাকি সময়ে আধিপত্য থাকলেও গোলসংখ্যা আর বাড়াতে পারেনি মোহনবাগান।


দ্বিতীয়ার্ধে কিছুটা খেলায় ফেরায় চেষ্টা করে পাঠচক্র। কয়েকটা আক্রমণো তুলে নিয়ে আসে। ম্যাচের ৫৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগও এসে গিয়েছিল পাঠচক্রের সামনে। গোললাইন থেকে বল বাঁচিয়ে সে যাত্রায় মোহনবাগানকে রক্ষা করেন রবিলাল মান্ডি। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ায় মোহনবাগান। রাজ বাসফোরের থ্রু থেকে বল পান রোহিত। তিনি পাস বাড়ান ফাঁকায় দাঁড়ানো সুহেল ভাটকে। অরক্ষিত গোলে বল পাঠাতে ভুল করেননি সুহেল। 

ম্যাচের শেষ দিকে রক্ষণের খোলস ছেড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে পাঠচক্র। সেই সুযোগে ম্যাচের সংযুক্তি সময়ে ২ গোল। ৯০+২ মিনিটে দুরন্ত প্রতিআক্রমণে পরিবর্ত হিসেবে মাঠে নামা বিভান জ্যোতি লস্করের সেন্টার থেকে গোল করেন সায়ন। সংযুক্তি সময়ের একেবারে শেষ মুহূর্তে সায়নের মাইনাস থেকে ৪–০ করেন বিভান। প্রথম ম্যাচে দুর্বল পাঠচক্রের বিরুদ্ধে সেভাবে পরীক্ষিত হল না মোহনবাগান। তবুও ৪ গোলে স্বস্তির জয় সবুজমেরুন ব্রিগেডের।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora