এ যেন বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া ম্যাচের পুনরাবৃত্তি। ইনজুরি সময়ের খেলা চলছে। জামশেদপুর এফসি–র বিরুদ্ধে দ্বিতীয় পর্বের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস ১–০ ব্যবধানে এগিয়ে। দুই পর্ব মিলিয়ে ফলাফল তখন ২–২। ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে। তখনই জ্বলে উঠলেন আপুইয়া। তাঁর দুরন্ত গোলেই আইএসএল ফাইনালে মোহনবাগান। এই নিয়ে টানা তৃতীয়বার। আগের পর্বের সেমিফাইনালে ২–১ ব্যবধানে হেরেছিল সবুজ–মেরুন। দ্বিতীয় পর্বে জয় ২–০ ব্যবধানে। দুই পর্ব মিলিয়ে মোহনবাগানের জয় ৩–২ ব্যবধানে।
ঘরের মাঠে প্রথম পর্বের সেমিফাইনালে ২–১ ব্যবধানে জিতে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল জামশেদপুর এফসি। যুবভারতীতে রক্ষণাত্মক মানসিকতা নিয়েই যে মাঠে নামবেন খালিদ জামিল, সেকথা বলার অপেক্ষা রাখে না। খালিদ জামিলের ফুটবল দর্শনই হল রক্ষণাত্মক মানসিকতা। এদিন মোহনবাগানের বিরুদ্ধেও সেই একই স্ট্র্যাটেজি। রক্ষণে লোক বাড়িয়ে প্রতিআক্রমণে ঝাঁপানো। তাছাড়া প্রথম একাদশের কয়েকজন না থাকায় রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিতে বাধ্য হয়েছিলেন জামশেদপুর এফসি কোচ।
ম্যাচের প্রথম থেকেই জামশেদপুরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল মোহনবাগান। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এলেও বারবার জামশেদপুরের রক্ষণব্যুহে আটকে যাচ্ছিলেন জেসন কামিংস, লিস্টন কোলাসোরা। বেশ কয়েকটা সহজ সুযোগ নষ্ট হয়। ১৬ মিনিটে কামিংসের শট বারের ওপর দিয়ে উড়ে যায়। ২ মিনিট পর আশিস রাইয়ের শট গোললাইন সেভ করেন সৌরভ দাস।
৩৫ মিনিটে বক্সের মধ্যে থেকে সুবিধাজনক জায়গায় বল পেয়েও গোল করতে পারেননি জেসন কামিংস। তাঁর শট সরাসরি জামশেদপুর এফসি গোলকিপারের হাতে চলে যায়। ২ মিনিট পর আবার গোলের সুযোগ নষ্ট কামিংসের। বক্সের ডানদিক থেকে নেওয়া তাঁর বাঁপায়ের কোনাকুনি শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। একসময় ৯ জনকে ডিফেন্সে নামিয়ে এনেছিলেন খালিদ জামিল। সেই রক্ষণব্যুহ ভেদ করা কঠিন হয়ে পড়ে মোহনবাগানের সামনে। ফলে ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। ৫০ মিনিটে পেনাল্টি থেকে এগিয়েও যায়। জেমস কামিংসের কর্নারে হেড করেছিলেন টম আলড্রেড। বল জামশেদপুরের ডিফেন্ডার প্রণয় হালদারের হাতে লাগে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। জামশেদপুর গোলকিপারকে উল্টোদিকে ফেলে পেনাল্টি থেকে গোল করেন কামিংস। ৫৯ মিনিটে লিস্টন কোলাসোর সেন্টারে সুবিধাজনক জায়গা থেকেও গোল করতে পারেননি জেমি ম্যাকলারেন। ৬ গজ বক্সের মধ্যে থেকে নেওয়া তাঁর হেড বাইরে যায়। অবশেষে ইনজুরি সময়ের ৪ মিনিটের মাথায় আপুইয়ার সেই গোলে ফাইনালে মোহনবাগান। সামনে এবার সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.