মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচের আগে গভীর সঙ্কটে মহমেডান। কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আন্দ্রে চেরনিশভ। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।
পদত্যাগ করলেন কোচ আন্দ্রে চেরনিশভ
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০২৫
Share on:
দীর্ঘদিন ধরেই বেতন নিয়ে ডামাডোল চলছে মহমেডানে। মাঝে ফুটবলাররা অনুশীলন বয়কট করেছিলেন। অবশেষে বকেয়া বেতন কিছুটা মিটিয়ে ফুটবলারদের মাঠে নামান কর্তারা। কিন্তু শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচের আগে গভীর সঙ্কটে মহমেডান। কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আন্দ্রে চেরনিশভ। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।
শুধু ফুটবলারদের নয়, কোচকেও বেতন সমস্যায় পড়তে হয়েছে। কয়েকমাসের বেতন বাকি চেরনিশভের। কর্তাদের কাছে বারবার বেতন চেয়েও পাননি। তার ওপর তাঁকে বারবার সরিয়ে দেওয়ার কথা উঠছিল। চেরনিশভকে চাপে রাখতে কয়েক সপ্তাহ আগে সহকারি কোচ হিসেবে মেহেরাজউদ্দিনকে জুড়ে দেওয়া হয়েছে। বেতনের জন্য কর্তাদের কাছে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কর্তারা এই ব্যাপারে কোনও উদ্যোগ নেননি। এরপরই বকেয়া বেতনের জন্য ফিফার দ্বারস্থ হয়েছেন চেরনিশভ।
বকেয়া বেতনের জন্য ফিফার দ্বারস্থ হওয়ার পরপরই পদত্যাগ করেছেন চেরনিশভ। তবে মহমেডান ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে কোচের পদত্যাগের বিষয়ে কিছু জানানো হয়নি। পদত্যাগ আটকাতে চেরনিশভের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন কর্তারা। এই বিষয়ে ক্লাবের সচিব ইস্তিয়াক আমেদ বলেন, ‘চেরনিশভ পদত্যাগ করেছেন কিনা, সরকারিভাবে বলতে পারব না। তবে কোচের ২ মাসের যে বেতন বকেয়া ছিল, সেটা নিয়ে ফিফাতে অভিযোগ জানিয়েছেন। নিয়ম অনুসারে ১৫ দিনের মধ্যে তার জবাব দিতে হয়। আমাদের ইনভেস্টররা জবাব দেয়নি। ফিফা আমাদের চিঠি পাঠাবে।’
মহমেডান সচিব আরও জানান, ‘কোচকে ইনভেস্টর নিয়ে এসেছিল। এই ব্যাপারে আমাদের কোনও ভুমিকা নেই। সরকারিভাবে কোচের পদত্যাগপত্র এখনও হাতে পাইনি। যদি উনি পদত্যাগ করেন, করতেই পারেন। আমাদের কাছে প্রো লাইসেন্স কোচ আছে। অসুবিধা হবে না।’ আগামী ১ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে মহমেডান। কিন্তু তার আগেই কোচ নিয়ে সমস্যা। এদিকে, নতুন বিদেশি যোগ দিলেন মহমেডানে। স্ট্রাইকার মার্ক আন্দ্রে এলে শহরে এসে গেছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.