গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে আবার ব্যাপক রক্তক্ষয়ী হামলা চালাল ইসলামিক স্টেট (আইএস)-এর সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস। গত ২ দিনে বিদ্রোহীরা উগান্ডা সীমান্তের কাছে বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রামে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ২২ জন নিহত এবং ১০ জনেরও বেশি অপহৃত হয়েছে। হামলাগুলি ইতুরি প্রদেশের দুর্গম অঞ্চল মোম্বাসা এলাকায় ঘটেছে।
বিদ্রোহীরা মোম্বাসা অঞ্চলের ৮টি ভিন্ন ভিন্ন স্থানে হামলা চালায়। এই হামলাগুলিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। কঙ্গোর সুশীল সমাজ সংস্থার মোম্বাসা শাখার সমন্বয়কারী মারি–নোয়েল আনাতোবে বলেছেন, আপাতত প্রাথমিকভারে মৃতের সংখ্যা জানা গেছে, তা আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘হত্যা ও অপহরণের পাশাপাশি হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলাগুলি এমন সব এলাকায় ঘটেছে যেখানে পৌঁছনো অত্যন্ত কঠিন। ফলে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।’
উগান্ডা ও কঙ্গোর সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে আসছে। কিন্তু হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এই হিংসা কবলিত অঞ্চলটিতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টাকেও প্রভাবিত করার আশঙ্কা তৈরি করেছে। হামলা সত্ত্বেও, স্থানীয় কর্তৃপক্ষ বলছে যে সেনাবাহিনী বিদ্রোহী গোষ্ঠীটির কার্যকলাপ দমন করার চেষ্টা করছে। মোম্বাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর কর্নেল ম্যাক্সিম শিশিম্বি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, প্রতিবন্ধকতা সত্ত্বেও সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে, স্থানীয়দের অভিযোগ, হামলার সময় সেনাবাহিনী উপস্থিত থাকে না। মোম্বাসা অঞ্চলের ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। গত বছর, আইএস সমর্থিত বিদ্রোহীরা ইতুরি প্রদেশের ইরুমু এলাকাতেও বেশ কয়েকজনকে হত্যা করেছিল। জাতিসংঘ সেই হামলাকে এক ‘রক্তাক্ত গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে।
অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর উৎপত্তি উগান্ডায়। পরে, সামরিক চাপের কারণে, এই গোষ্ঠী কঙ্গো সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে ওঠে। সংগঠনটি বেশ কয়েক বছর ধরে সেখানে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে আসছে। ২০১৯ সালে এই গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের শপথ নেয়, যার পরে এটিকে ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন হিসেবে গণ্য করা হয়। উগান্ডা ও কঙ্গোর সেনাবাহিনী এডিএফ–এর বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে। তা সত্ত্বেও, উভয় দেশের সেনাবাহিনী সংগঠনটির বিরুদ্ধে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারেনি। স্থানীয়রা বলছেন, অব্যাহত সামরিক অভিযানের দাবি সত্ত্বেও বিদ্রোহীরা প্রত্যন্ত অঞ্চলে হামলা চালাতে সফল হচ্ছে।