অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে সন্ত্রাসবাদী হামলা। বন্দুকধারীদের গুলিতে শিশু এবং এক পুলিশ অফিসারসহ ১২ জন নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে সিডনির বন্ডি সমুদ্র সৈকতে। পুলিশ জানিয়েছে, ইহুদিদের হনুক্কা উদযাপনের সময় সন্ত্রাসবাদীরা এই হামলা চালায়। সন্ত্রাসবাদীদের শনাক্ত করেছে পুলিশ।
সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব হনুক্কার সূচনা উপলক্ষে ‘চানুকা বাই দ্য সি’ নামে একটা অনুষ্ঠান চলছিল। সেই সময় দুই বন্দুকধারী হামলা চালায়। গুলি চালানোর সময় শিশুদের খেলার মাঠের কাছে বন্ডি বিচ পার্কে শত শত মানুষ জড় হয়েছিল। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বলেছেন, ‘এই সন্ত্রাসবাদী হামলাটি সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছিল।’ ঘটনার ধরণ এবং ব্যবহৃত অস্ত্রের কারণে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। পুলিশ বন্দুকধারীদের মধ্যে একজনকে শনাক্ত করেছে। ওই বন্দুকধারীর নাম নাভিদ আকরাম (২৪)। হামলার পর সিডনির বনিরিগে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
বন্দুকবাজরা গুলি চালানের সঙ্গে সঙ্গে বিচে উপস্থিত পুলিশ পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে একজন বন্দুকধারী নিহত হয়। অন্যজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন জানিয়েছেন, আহতদের মধ্যে ২ জন পুলিশ কর্তাও রয়েছেন। পুলিশ দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যায়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি এই গণহত্যাকে ‘হানুক্কার প্রথম দিনে ইহুদি অস্ট্রেলিয়ানদের ওপর ভয়াবহ আক্রমণ’ বলে অভিহিত করেছেন। আলবানিজ বলেন, ‘আমাদের দেশে ঘৃণা, সহিংসতা এবং সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।’ হামলার ঘটনার পরপরই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার জাতীয় নিরাপত্তা কমিটির একটা জরুরি বৈঠক ডাকেন।
পুলিশ সূত্র জানিয়েছে যে, এই হামলার পরিকল্পনা কয়েক মাস ধরে করা হয়েছিল। পুলিশ সম্ভাব্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস সম্পর্কেও তদন্ত করছে। এক পথচারী সেতুর নীচে একটা ডিভাইস পড়ে থাকার খবর দেওয়ার পর এলাকাটি তল্লাশি করছে পুলিশ। অস্ট্রেলিয়ান টেলিভিশনে সম্প্রচারিত নাটকীয় ফুটেজে দেখা গেছে, এক পথচারী একজন বন্দুকধারীকে নিরস্ত্র করার চেষ্টা করছে এবং তার দিকে অস্ত্র তাক করছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একজন পথচারী এক বন্দুকধারীকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, একটা শটগান তার দিকে তাক করছে। অন্যদিকে দ্বিতীয় বন্দুকধারী একটা সেতু থেকে গুলি চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে কমপক্ষে তিনটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, যেখানে বন্দুকধারীরা গোলাবারুদের বেল্ট পরে ছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অন্যান্য ভিডিওতে দেখা গেছে, পুলিশ একটা সেতুর ওপর আহতদের সিপিআর করছে। গুলির শব্দ শুনে লোকজন পালিয়ে যাচ্ছে এবং পুলিশ অফিসাররা বন্দুকধারীদের মোকাবিলা করার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেছেন যে, তিনি কমপক্ষে ১০ জনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন। আরেকজন বলেছেন যে, তাঁর মেয়েরা সৈকতের কাছাকাছি সাঁতার কাটছিল। বন্দুকবাজরা গুলি চালানো শুরু করতেই একজন মহিলা তাদের দৌড়ে যেতে বলেন। পরে শিশুরা স্থানীয় এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নেয়।
অস্ট্রেলিয়ান ইহুদিদের নির্বাহী পরিষদের সহ–প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন হানুক্কা উদযাপনের সময় এই হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। এবং এই হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। সিডনির পূর্ব উপকূলে অবস্থিত একটি প্রধান পর্যটন কেন্দ্র বন্ডি সমুদ্র সৈকত। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই সৈকতে হাজির হন। সৈকতটি ৩০০০ ফুটেরও বেশি লম্বা। ১৯৯৬ সালে তাসমানিয়ায় পোর্ট আর্থার গণহত্যার পর এইরকম গুলিবর্ষণের ঘটনা ঘটল। তাসমানিয়ায় ৩৫ জন নিহত হয়েছিলেন।