শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী। ভারতে নৌমহড়ায় অংশ নিয়ে ফেরার পথে এই যুদ্ধজাহাজে হামলা চালানো হয়। জাহাজ ডুবির রহস্য নাটকীয়ভাবে আরও তীব্র হয়ে উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, মার্কিন সামরিক সাবমেরিন এই হামলা চালিয়েছে। শ্রীলঙ্কার দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় এই যুদ্ধজাহাজ ডুবে গেছে। ৮০ জন ক্রূ–সদস্য নিহত হয়েছে। অনেকেই নিখোঁজ। উদ্ধার অভিযান চলছে।
প্রায় ১৮০ জন ক্রু সদস্য নিয়ে মজ–ক্লাস ফ্রিগেট আইআরআইএস ডেনা বুধবার শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে বিধ্বস্ত হয়। ইরানের এই যুদ্ধজাহাজটি সম্প্রতি ভারতে আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা ২০২৬–এ অংশ নিয়েছিল। দুই সপ্তাহ আগে ভারতের পূর্ব নৌ কমান্ড বিশাখাপত্তনম বন্দরে ইরানি জাহাজটিকে স্বাগত জানিয়েছিল। মহড়া শেষ করে দেশে ফিরে যাচ্ছিল।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছে, জাহাজটি শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার বাইরে ডুবে গেছে। জাহাজ ডুবির খবর পাওয়ার পর কলম্বো দ্রুত সহায়তার জন্য এগিয়ে আসে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে যে, জাহাজে থাকা ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং সমুদ্র থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গলের এক রাষ্ট্রীয় হাসপাতালে চিকিৎসা চলছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা আশাবাদী যে, আরও বেশি ক্রু–কে উদ্ধার করতে পারব। সব ক্রু–কে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘এখনই মৃতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না।’
শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলি জানিয়েছে, জাহাজটিকে সম্ভবত একটা সাবমেরিন আক্রমণ করেছিল এবং কমপক্ষে ১০১ জন নিখোঁজ রয়েছে। তবে ইরানের এই যুদ্ধ জাহাজটিকে কারা আক্রমণ করেছে, তা স্পষ্ট নয়। শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘জাহাজটি একটা সামরিক জাহাজ। ঘটনাটি শ্রীলঙ্কার জলসীমার বাইরে ঘটেছে। তবে শ্রীলঙ্কা সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘দুর্যোগ সংকেত পাওয়ার পরপরই বিমান বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়। এবং উভয় বাহিনী সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে।’ মার্কিন কর্তারা দাবি করেছেন, একটা আমেরিকান সাবমেরিন হামলা চালিয়েছে।