কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল এক ভারতীয় ছাত্রের। প্রবাসে এবার আরও এক ভারতীয় ছাত্রের মৃত্যু। জার্মানির রাজধানী বার্লিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলেঙ্গনার এক ছাত্রের মৃত্যু হয়েছে। জানা গেছে যে, অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিয়েছিলেন ঋত্বিক রেড্ডি নামে ওই ছাত্র। আগুন এবং ঘন ধোঁয়া থেকে বাঁচতেই অ্যাপার্টমেন্টের ওপরের তলা থেকে লাফিয়ে পড়েন ঋত্বিক।
উচ্চশিক্ষার জন্য জার্মানি গিয়েছিলেন তেলেঙ্গানার জানগাঁও জেলার বাসিন্দা ২৫ বছরের ঋত্বিক রেড্ডি। একটা অ্যাপার্টমেন্টে অন্য ভারতীয় ছাত্রদের সঙ্গে তিনি থাকতেন। ভবনটিতে আগুন লাগার পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পালানোর চেষ্টা করার সময় হৃতিক রেড্ডি অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তেলঙ্গানার জানগাঁও জেলার মালকাপুর গ্রামের বাসিন্দা ঋত্বিক। সংক্রান্তি উৎসবে ঋত্বিকের পরিবার তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় ছিল। তবে নববর্ষের প্রথম দিনেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঋত্বিকের অকাল মৃত্যুতে পরিবার এখন শোকাহত। ২০২২ সালে ভগদেবী ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন ঋত্বিক। ২০২৩ সালের জুন মাসে ইউরোপ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করার জন্য জার্মানির ম্যাগডেবার্গে যান। দশেরার সময় বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু মত বদলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংক্রান্তির জন্য দেশে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন।
জার্মানির স্থানীয় কর্তৃপক্ষ আগুন লাগার কারণ তদন্ত করছে। এদিকে, ঋত্বিকের পরিবার এবং তেলেঙ্গনার বন্ধুরা, বিদেশ মন্ত্রক জার্মানিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে যাতে তাঁর মৃতদেহ নিজ গ্রামে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত করা যায়।
গত সপ্তাহে তেলেঙ্গানার আরও এক ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নালগোন্ডা জেলার বাসিন্দা পবন কুমার রেড্ডি এমএস ডিগ্রি অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং পার্টটাইম চাকরিও করছিলেন। গভীর রাতে বন্ধুদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যে, পবনের মৃত্যু খাদ্যে বিষক্রিয়ার কারণে হয়েছে। তবে, মার্কিন কর্তৃপক্ষ বা চিকিৎসকরা এখনও পর্যন্ত খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করেনি। প্রাথমিক তথ্যে হৃদরোগের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে, যদিও এটি এখনও চিকিৎসাগতভাবে প্রতিষ্ঠিত হয়নি।
কয়েকদিন আগে জানগাঁও জেলার সাহাজ রেড্ডি উদুমলা (২৪ বছর বয়সী মহিলা) মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বাড়িতে আগুনে পুড়ে মারা যান। সাহাজ রেড্ডি ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং নিউইয়র্কের আলবানিতে থাকতেন। প্রাথমিক তথ্য অনুসারে, আগুনটি পাশের একটা ভবন থেকে শুরু হয় এবং দ্রুত সাহাজের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় তিনি ঘুমাচ্ছিলেন এবং পালাতে পারেননি বলে জানা গেছে।