পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় হকিতে, হরমনপ্রীতরা বুঝিয়ে দিলেন পদকের জন্য তৈরি
গ্রুপ লিগের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নিল ভারত। ৫৯ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল ২–২। ম্যাচের একেবারে শেষমুহূর্তে গোল করে দলকে জেতালেন হরমনপ্রীত সিং।
জয়ের পর উচ্ছ্বাস ভারতীয় হকি দলের
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৪
Share on:
আন্তর্জাতিক হকি প্রো–লিগে খুব একটা ভাল ছন্দে দেখা যায়নি ভারতীয় দলকে। শেষ করেছে সপ্তম স্থানে। প্যারিস অলিম্পিকে পদক ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হরমনপ্রীত সিংরা অবশ্য প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, পদক জয়ের ব্যাপারে তাঁরা যথেষ্ট তৈরি।
গ্রুপ লিগের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নিল ভারত। ৫৯ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল ২–২। সবাই যখন ধরে নিয়েছেন ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে, তখনই জ্বলে উঠল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের স্টিক। ম্যাচের একেবারে শেষমুহূর্তে গোল করে দলকে জেতালেন হরমনপ্রীত সিং।
ম্যাচের ৮ মিনিটে গোল করে নিউজিল্যান্ডকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন স্যাম লেন। প্রথম কোয়ার্টারে নিউজিল্যান্ডের আধিপত্য থাকলেও গোল সংখ্যা আর বাড়াতে পারেনি। তিনকাঠির নীচে অপ্রতিরোধ্য ছিলেন ভারতীয় দলের গোলকিপার শ্রীজেশ। দ্বিতীয় কোয়ার্টারে খেলায় ফেরে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান মনদীপ সিং। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ফিল্ড গোল করে ভারতকে এগিয়ে দেন বিবেক সাগর প্রসাদ। এরপরই মরিয়া হয়ে ওঠে নিউজিল্যান্ড। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এলেও শ্রীজেশের দক্ষতায় সমতা ফেরাতে পারেনি।
চতুর্থ কোয়ার্টারে অবশ্য ভারতের দাপট ছিল। ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণে ঝাঁপিয়ে পড়েন হরমনপ্রীতরা। কয়েকটা পেনাল্টি কর্নার আদায় করেও নেয়। কিন্তু অমিত রোহিদাস, হরমনপ্রীতদের শট আটকে দেন নিউজিল্যান্ড গোলকিপার। খেলার গতির বিরুদ্ধে প্রতিআক্রমণে উঠে এসে নিউজিল্যান্ডের হয়ে সমতা ফেরান সাইমন চাইল্ড। ম্যাচ শেষ হতে যখন ১ মিনিট বাকি, সেই সময়ই গোল হরমনপ্রীত সিংয়ের। একই সঙ্গে ৩ পয়েন্ট নিশ্চিত হয় ভারতের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.